গোয়ালন্দে চুরির অপরাধে শিশুকে নির্যাতন
চুরির অপরাধে সোহাগ খাঁ (১৪) নামের এক শিশুকে মারধরের পর চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সকালে তাকে পুলিশে দিয়েছেন এলাকাবাসী।
পুলিশ তাকে মাদক মামলার এক আসামির সঙ্গে হাতকড়া পরিয়ে আদালতে পাঠায়। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হারেজ মিয়ার পাড়ায়। সোহাগ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের নলডুবি গ্রামের সৈয়দ আলী খাঁর ছেলে।
পুলিশ ও এলাকার কয়েকজনের ভাষ্যমতে, সোমবার দিবাগত রাত তিনটার দিকে সোহাগসহ কয়েকজন হারেজ মিয়া পাড়ার জাকির হোসেন ওরফে টিপুর বাড়িতে ঢোকে। তারা ঘরের জানালা দিয়ে জাকির হোসেনের জ্যাকেট ও একটি মুঠোফোন নিয়ে যায়। একই এলাকার মেজেক আলীর বাড়ির ঘরের দরজা খোলা পেয়ে তারা ভেতরে ঢোকামাত্রই বাড়ির লোকজন ধাওয়া করে। এ সময় সোহাগ দৌড়ে পাশের একটি পুকুরে ঝাঁপ দেয়। সেখান থেকে তাকে আটক করে স্থানীয় হারেজ মিয়ার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার খুঁটির সঙ্গে বেঁধে মারধর করা হয়। সকালে এলাকার কয়েকজন তার মাথার চুল কেটে দেন ও মারধর করেন। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের নির্দেশে তাকে সকাল নয়টার দিকে গোয়ালন্দ ঘাট থানা-পুলিশের কাছে সোপর্দ করা হয়।
হারেজ মিয়ার পাড়ার হামিদুল হক বলেন, মঙ্গলবার ভোরে ফজরের আজানের সময় স্থানীয় লোকজনের ডাকাডাকিতে ছোট ভাই জাকির হোসেন ঘুম থেকে উঠে জ্যাকেট পরতে গিয়ে দেখেন সেটি নেই। জানালার পাশে টেবিলে জ্যাকেটের পাশে থাকা মুঠোফোনও নেই। এ সময় জানালা খোলা দেখতে পান। পরে গ্রামের লোকজন পুকুরে ঝাঁপ দেওয়া চোরকে হাতেনাতে আটক করেন। এ সময় চোরের গায়ে জাকিরের জ্যাকেট দেখা যায়। তবে মুঠোফোন পাওয়া যায়নি। এলাকাবাসী সামান্য মারধর করে বেঁধে রাখেন। পরে চেয়ারম্যানের নির্দেশে সকালে পুলিশে দেন। কিন্তু চুল কাটা বা বেদম মারধরের বিষয়ে জানা নেই।
মঙ্গলবার থানা হেফাজতে শিশু সোহাগ জানায়, তার সঙ্গে দৌলতদিয়ার সুমন নামের আরেক যুবক ছিলেন। সুমনের প্রলোভনে ও অভাবের কারণে সোমবার গভীর রাতে সে চুরি করতে হারেজ মিয়ার পাড়ায় যায়। কিন্তু এলাকার লোকজন তাকে ধরে কোমর থেকে হাঁটু পর্যন্ত বেদম পেটায়। তার চুলও কেটে দেওয়া হয়। এখন সে ভালোভাবে হাঁটতে পারছে না।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে দেখে পুলিশ তাকে দ্রুত হাতকড়া পরিয়ে আদালতের উদ্দেশ্যে গাড়িতে তোলে।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল বলেন, সোহাগকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ না দেওয়ায় ২০ জানুয়ারি দিবাগত রাতে পৌরসভা কার্যালয়সহ চারটি প্রতিষ্ঠানে চুরির ঘটনায় করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে গতকাল দুপুরে রাজবাড়ীর আদালতে পাঠানো হয়। এক প্রশ্নের জবাবে ওসি বলেন, যেহেতু সে অপরাধী ও পূর্ণবয়স্ক, তাই হাতে হাতকড়া পরানো হয়েছিল।