গোয়ালন্দে ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা, আটক ১
রাজবাড়ীর গোয়ালন্দে জাহাঙ্গীর হোসেন (২৫) নামের এক ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গত সোমবার রাতে উপজেলার কামরুল ইসলাম কলেজের সামনে এ ঘটনায় ইমরান আহমেদ ওরফে আকাশ নামের এক ছাত্রলীগ নেতাকে আটক করে পুলিশে দিয়েছে লোকজন।
নিহত জাহাঙ্গীর গোয়ালন্দ পৌরসভা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তিনি ফরিদপুর রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে সমাজকর্ম বিষয়ে মাস্টার্সের ছাত্র ছিলেন। আটক ইমরান আহমেদ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।
প্রত্যক্ষদর্শী, থানা-পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, রাত নয়টার দিকে গোয়ালন্দ বাজার থেকে কাজ শেষ করে মোটরসাইকেল চালিয়ে বাসায় ফিরছিলেন জাহাঙ্গীর। তাঁর সঙ্গে ছিলেন উপজেলা তরুণ লীগের সভাপতি তুহিন দেওয়ান। কামরুল ইসলাম কলেজের সামনে পৌঁছামাত্র আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কোপ দিলে জাহাঙ্গীর চলন্ত মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এ সময় তাঁদের এলোপাতাড়ি কোপাতে থাকে দুর্বৃত্তরা। এতে জাহাঙ্গীর গুরুতর জখম হন। তুহিনের গায়েও কোপ লাগে। তিনি দৌড়ে পালাতে গিয়ে রাস্তার পাশেই একটি ঝোপে পড়ে যান। ঠিক সে সময় ওই পথ দিয়ে গাড়ি নিয়ে সপরিবারে যাচ্ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মণ্ডল। পৌর ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলামও তাঁর সঙ্গে ছিলেন। জাহাঙ্গীরকে কোপানোর দৃশ্য দেখে তাঁরা গাড়ি থেকে নেমে দুর্বৃত্তদের ধাওয়া করেন। এরই মধ্যে স্থানীয় লোকজন সেখানে জড়ো হন।
নজরুল ইসলাম বলেন, আবছা অন্ধকারে জাহাঙ্গীরকে কোপাতে দেখে তিনি দ্রুত গাড়ি থেকে নামার আগেই দুর্বৃত্তদের কয়েকজন পালিয়ে যায়। এ সময় ছাত্রলীগ নেতা ইমরানকে হাতেনাতে একটি ধারালো চাকুসহ আটক করে স্থানীয় লোকজন। লোকজন ইমরানকে মারধোর করে পুলিশের হাতে তুলে দেন। গুরুতর আহত জাহাঙ্গীর ও তুহিনকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাত সাড়ে ১০টার দিকে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন। তুহিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
অপর এক প্রত্যক্ষদর্শী রফিকুল ইসলাম জানান, একটি দরপত্রকে ঘিরে প্রায় তিন মাস আগে ইমরানের পক্ষের লোকজন তুহিন ও জাহাঙ্গীরকে মারধর করেন। এ ঘটনার কিছুদিন পর তরুণ লীগ নেতা তুহিনের লোকজনও ইমরানকে মারপিট করেন। এরই প্রতিশোধ নিতে সোমবার রাতে এ হামলা চালানো হতে পারে।
গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে জাহাঙ্গীরের লাশ ময়নাতদন্ত শেষে বাড়িতে আনা হলে পরিবার ও আত্মীয়স্বজনের কান্নায় এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। তাঁর মা আনোয়ারা বেগম ও বাবা ইসমাইল মোল্যা বারবার অচেতন হয়ে পড়েন।
রাজবাড়ীর পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।