গোয়ালন্দে দুই ভূমি কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জালিয়াতির অভিযোগে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের তৎকালীন ভূমি সহকারী কর্মকর্তা হাসেম আলী মণ্ডল ও ভূমি উপসহকারী কর্মকর্তা আবদুর রাজ্জাকের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মামলা হয়েছে। গত রোববার বিকেলে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের উপসহকারী পরিচালক প্রদীপ কুমার দাস বাদী হয়ে এ মামলা করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, হাসেম মণ্ডল ২০১৩ সালের মার্চ থেকে ২০১৪ সালের মে পর্যন্ত উজানচর ইউনিয়নের ভূমি সহকারী কর্মকর্তা এবং আবদুর রাজ্জাক ভূমি উপসহকারী কর্মকর্তা হিসেবে ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত কর্মরত ছিলেন। এ সময় হাসেম মণ্ডল ইউনিয়নের মহিদাপুর মৌজার ২২২/২, ২১০/১ ও ২১৮ নম্বর খতিয়ানের ৩২০ নম্বর দাগের জমির ভূমি উন্নয়ন কর গ্রহণ করেন। তাঁর সহযোগী হিসেবে আবদুর রাজ্জাক ওই মৌজার ২১২/৪ নম্বর খতিয়ানের ভূমি উন্নয়ন কর গ্রহণ করেন। কিন্তু সংশ্লিষ্ট নথিপত্র যাচাই করে দেখা গেছে, উভয় কর্মকর্তা জমির প্রকৃত মালিকদের স্থলে ভুয়া ব্যক্তিদের নাম ব্যবহার করে নতুন পর্চা খতিয়ান সৃষ্টি করেন। এ ছাড়া ওই মৌজার বর্ণিত খতিয়ানগুলোর পাতা পরিবর্তন করা হয়েছে। তাঁরা পরিবর্তন করা এসব খতিয়ানের খাজনা গ্রহণ করেন।
হাসেম মণ্ডল বর্তমানে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা এবং আবদুর রাজ্জাক পাংশা উপজেলার শাওরাইল ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তার দায়িত্বে আছেন। হাসেম আলীর মুঠোফোনে গতকাল সোমবার একাধিকবার ফোন করলেও তিনি তা ধরেননি। আবদুর রাজ্জাকের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মামলার সত্যতা নিশ্চিত করে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শাহজালাল প্রথম আলোকে বলেন, মামলাটি দুদকই তদন্ত করবে।