গোয়ালন্দে সরকারি গাছ কেটে নিচ্ছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বিভিন্ন সড়কের পাশে বন বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের রোপণ করা বিভিন্ন প্রজাতির গাছ চুরি হয়ে যাচ্ছে। তিন মাস ধরে এই গাছ কাটার ঘটনা ঘটছে।
বন বিভাগ ও সামাজিক বনায়নের উপকারভোগী সমিতিগুলো থেকে জানা যায়, দৌলতদিয়া-খুলনা মহাসড়কের মোকবুলের দোকান থেকে দৌলতদিয়া পর্যন্ত আট কিলোমিটার, পৌরসভার জামতলা থেকে কাটাখালী বাজার পর্যন্ত তিন কিলোমিটার, গোয়ালন্দ বাজার মাল্লাপট্টি থেকে উজানচর জামতলা পর্যন্ত আট কিলোমিটার এবং মাল্লাপট্টি সেতু থেকে উজানচর হাবিল মণ্ডলপাড়া পর্যন্ত তিন কিলোমিটার এলাকায় বন বিভাগের উদ্যোগে সামাজিক বনায়নের মাধ্যমে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এ ছাড়া মহাসড়কের জমিদার সেতু থেকে ছোটভাকলা ইউনিয়নের ভাগলপুর পর্যন্ত রাস্তার পাশে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর গাছের চারা রোপণ করে। কিছু গাছের বয়স বেশি হওয়ায় এবং বিশেষ করে কিছু শিশুগাছ মরে যাওয়ায় স্থানীয় একটি চক্র ও সামাজিক বনায়নের উপকারভোগী কয়েকজন সদস্য ইচ্ছেমতো কেটে নিয়ে যাচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভার বাহাদুরপুর সড়কের পাশ থেকে গত তিন মাসে অন্তত সাত-আটটি শিশু, বাবলা, রেইনট্রি ও কড়ইগাছ কেটে নিয়ে গেছে দুর্বৃত্তরা। স্থানীয় শিক্ষক আল মাহমুদ মিশা অভিযোগ করেন, সমিতির নাম ভাঙিয়ে দু-একজন সদস্য গাছ মরে গেছে বলে সেগুলো কেটে নিয়ে যান। আবার রাতে দুর্বৃত্তরা গাছ কেটে নিয়ে যায়। এসব গাছের গোড়ায় মাটি লেপটে দেয়, যাতে সহজে কেউ বুঝতে না পারে এটি নতুন করে কাটা। সম্প্রতি দিনের বেলায় কয়েকজন ব্যক্তি দুটি বড় গাছ কাটার সময় বাধা দিলে তাঁরা নিজেদের সমিতির লোক বলে দাবি করেন এবং বন বিভাগের নির্দেশে গাছ কাটা হচ্ছে বলে জানান।
বাহাদুরপুর এলাকার দায়িত্বরত সামাজিক বনায়নের উপকারভোগী সমিতির সভাপতি মজিবর রহমান বলেন, কিছুদিন আগে কয়েকটি শিশুগাছ মরে যাওয়ায় সমিতির সদস্য ও বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে তাঁদের লোকজন সেগুলো কেটে নেন। আর কয়েকটি গাছ রাতে দুর্বৃত্তরা কেটে নেয় বলে দাবি করেন তিনি।
মহাসড়কের দৌলতদিয়া রেস্ট হাউস থেকে বাংলাদেশ হ্যাচারিজ পর্যন্ত অংশে লাগানো গাছের উপকারভোগী সমিতির সভাপতি আবদুল আহাদ বলেন, সম্প্রতি ঝড়ের সময় কিছু গাছের ডালপালা ভেঙে মহাসড়কের ওপর পড়লে স্থানীয় কয়েকজন গভীর রাতে সেগুলো কেটে নিয়ে যান।
উপজেলার ভারপ্রাপ্ত বন কর্মকর্তা (ফরেস্টার) নজরুল ইসলাম বলেন, অনেক সড়কে গাছের বয়স হওয়ায় এবং গাছ মরে যাওয়ায় দরপত্রের মাধ্যমে সেগুলো কেটে ফেলা হয়েছে। কিছু গাছ সমিতি বা স্থানীয় সুবিধাবাদী লোক কেটে ফেলছে। এ ক্ষেত্রে গাছ চুরির ঘটনাও ঘটছে। কাউকে চিহ্নিত করা সম্ভব না হওয়ায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়নি।