গোয়ালন্দে সরকারি দুই দপ্তরে চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুটি সরকারি দপ্তরে চুরি হয়েছে। দুর্বৃত্তরা তালা ভেঙে নগদ টাকা নিয়ে গেছে। তছনছ করেছে গুরুত্বপূর্ণ কাগজপত্র। গত সোমবার রাতে এ চুরি হয়।
উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা প্রশান্ত কুমার গাইন বলেন, গতকাল মঙ্গলবার সকালে তাঁর কার্যালয়ের এক কর্মচারী তাঁকে বলেন, উপজেলা শিল্পকলা একাডেমির ভেতরে অবস্থিত কার্যালয়টির তালা ভাঙা। তিনি দ্রুত কার্যালয়ে গিয়ে দেখতে পান আলমারির তালা ও ড্রয়ার ভাঙা। কাগজপত্র ছড়িয়ে-ছিটিয়ে আছে। আলমারি থেকে ১৬ হাজার ৯২২ টাকা খোয়া গেছে। বিষয়টি কর্মকর্তাদের জানানো হয়। দারিদ্র্য বিমোচন অধিদপ্তর ফরিদপুর অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. গোলাম আজম, ইউএনও পঙ্কজ ঘোষ ও পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
ওই কার্যালয়ের পাশের উপজেলা বন কর্মকর্তার দপ্তরেও চোরের দল হানা দিয়েছে। উপজেলা বন কর্মকর্তা মো. সাজ্জাদ হোসেন বলেন, গতকাল সকালে কার্যালয়ের এক কর্মচারী তালা ভাঙা দেখতে পেয়ে তাঁকে খবর দেন। তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন কার্যালয় তালাবদ্ধ, কিন্তু হ্যাজবল্ট ভাঙা। ভেতরে ঢুকে আলমারির তালা ভাঙা ও কাগজপত্র তছনছ অবস্থায় পাওয়া যায়।
সাজ্জাদ হোসেন বলেন, গত ২৪ ডিসেম্বর ওই কার্যালয়ের তালা ভেঙে দুর্বৃত্তরা একটি বেসরকারি ব্যাংকের চেক, নগদ সাড়ে চার হাজার টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শন শেষে গোয়ালন্দ ঘাট থানার এসআই মো. সাইফুজ্জামান বলেন, ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে।
ইউএনও বলেন, সরকারিভাবে বা উপজেলা পরিষদ থেকে কমপ্লেক্সে পাহারা দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এখানে প্রতিটি দপ্তর নিজ থেকেই পাহারার ব্যবস্থা করতে হবে।