গোয়ালন্দে সর্বহারা পরিচয়ে মুঠোফোনে চাঁদা দাবি
নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠন সর্বহারা পরিচয় দিয়ে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয়ের কর্মকর্তা ও অফিস সহকারীর কাছে চাঁদা দাবি করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবারের ওই দুটি ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের অফিস সহকারী নাসির উদ্দিন বলেন, গত শুক্রবার দুপুরের পর থেকে গভীর রাত পর্যন্ত তাঁর ব্যক্তিগত মুঠোফোন নম্বরে অজ্ঞাত ব্যক্তি সর্বহারা দলের পরিচয় দিয়ে প্রথমে ৬৫ হাজার টাকা চাঁদা দাবি করে। তিনি তাতে রাজি না হলে কয়েক দফা ফোনের পর ১৫ হাজার টাকা দ্রুত বিকাশের মাধ্যমে পাঠাতে বলে। তাতেও রাজি না হওয়ায় তাঁর স্ত্রী ও সন্তানকে অপহরণের হুমকি দেয়। এরপর তিনি বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানান। পরে তাঁর পরামর্শে ওই দিন রাতেই গোয়ালন্দ ঘাট থানায় তিনি জিডি করেন।
ওই দিন রাতেই উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এম মনোয়ার আহমেদ বলেন, তাঁর মুঠোফোনেও অজ্ঞাত এক ব্যক্তি সর্বহারা দলের পরিচয় দিয়ে ৩৫ লাখ টাকা চাঁদা দাবি করে। ওই ব্যক্তি বলে, তাদের দলের কয়েকজন জ্যেষ্ঠ নেতা ভারতে চিকিৎসাধীন আছে। চিকিৎসা করাতে অনেক টাকা দরকার। তাই দ্রুত বিকাশের মাধ্যমে তাঁকে টাকা পাঠাতে বলা হয়। কিন্তু তিনি তাতে রাজি না হলে ওই ব্যক্তি তাঁকে প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় তিনিও থানায় জিডি করেন।
গত সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পঙ্কজ ঘোষের সভাপতিত্বে আইনশৃঙ্খলাবিষয়ক মাসিক সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম মাহাবুব রাব্বানী বলেন, বর্তমানে গোয়ালন্দ উপজেলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত চরমপন্থী সংগঠনের সঙ্গে সরাসরি জড়িত অনেককেই প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে। যেকোনো সময় বড় ধরনের অপরাধ সংঘটিত হতে পারে। এ জন্য তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান।
গোয়ালন্দ ঘাট থানার ওসি এ কে এম নাসির উল্লাহ বলেন, কোনো চিহ্নিত অপরাধীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে অবশ্যই গ্রেপ্তার করা হচ্ছে। চিহ্নিত অপরাধীরা যাতে ধরা পড়ে, এ জন্য পুলিশ তৎপর আছে।