গোয়ালন্দে হাত-পা বেঁধে গৃহবধূকে নির্যাতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন


রাজবাড়ীর গোয়ালন্দে বন্যা খাতুন (২৫) নামের এক গৃহবধূকে স্বামী ও তাঁর পরিবারের সদস্যরা হাত-পা বেঁধে নির্যাতন করেছেন বলে অভিযোগ উঠেছে।
বন্যা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বদিউজ্জামান ব্যাপারী পাড়ার রহিচ ফকিরের স্ত্রী ও রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউনিয়নের নবগ্রাম গ্রামের মৃত আবুল হাসেম ওরফে নান্নু মিয়ার মেয়ে। তাঁকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রাজবাড়ী সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুশীল কুমার রায় গতকাল শনিবার বলেন, গৃহবধূর সারা শরীরে আঘাত ও ফোলা-জখমের চিহ্ন রয়েছে। পুরোপুরি সুস্থ হতে আরও তিন-চার দিন লাগবে। তবে তিনি বিপদমুক্ত রয়েছেন।
গৃহবধূর পরিবার ও এলাকাবাসী সূত্র জানায়, গত শুক্রবার সকালে শ্বশুর আবুল হোসেন ফকির গোসলের জন্য বন্যার কাছে মগ চান। মগ দিতে দেরি হওয়ায় স্বামী রহিচ কৈফিয়ত চান। এ নিয়ে একপর্যায়ে স্বামী রহিচ ফকির, শ্বশুর আবুল হোসেন ফকির ও ননদ টুম্পা খাতুন মিলে বন্যাকে ঘরে আটকে হাত-পা বেঁধে বেদম মারধর করেন।