গোয়ালন্দে ১০০ চারা গাছ নষ্ট করেছে দুর্বৃত্তরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের কৃষক জাহিদ মিয়ার বাগানে রোপণ করা প্রায় ১০০টি মেহগনিগাছের চারা দুর্বৃত্তরা গত রোববার রাতে নষ্ট করে ফেলেছে। এ ঘটনায় ওই কৃষক গতকাল সোমবার দুপুরে স্থানীয় পাঁচজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগে জাহিদ মিয়া জানান, গতকাল সকালে তিনি উজানচর ইউনিয়নের বাহাদুরপুর সড়কের পাশে তাঁর বাগানে গিয়ে দেখতে পান, বাগানের বেড়া ভাঙা রয়েছে। এ ছাড়া বেড়ার ঘেরের ভেতরে থাকা মেহগনির প্রায় ১০০টি চারা দুর্বৃত্তরা ভেঙে ও উপড়ে ফেলেছে। এ ঘটনায় তিনি বাহাদুরপুর গ্রামের সালাম সরদার (৫৫), জুয়েল (২২), খোকন (২৮), আসলাম (৩০) ও শোভন (২৫) নামের পাঁচজনকে অভিযুক্ত করে গতকাল থানায় লিখিত অভিযোগ করেছেন।
তবে সালাম সরদার ও খোকন দাবি করেন, এ ঘটনার সঙ্গে তাঁরা জড়িত নন। জাহিদ মিয়ার সঙ্গে তাঁদের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে। বিরোধের জের ধরে তাঁদের হয়রানি করতেই এ ধরনের মিথ্যা অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা স্বীকার করে বলেন, তদন্তের পর ঘটনার রহস্য উদ্ঘাটন করা যাবে। ঘটনা সত্য হলে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।