গোয়েন্দা পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার তেতুলবাড়িয়া বাজারে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এবং ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে দুই ব্যক্তিকে পুলিশে দিয়েছে স্থানীয়রা। আজ রোববার বিকেলে তেতুলবাড়িয়া বাজার থেকে পুলিশ তাঁদের আটক করে।
এই ঘটনায় মোরেলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রতারণা ও চাঁদাবাজির মামলা করেছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: শরণখোলা উপজেলার কালিবাড়ি গ্রামের সোহাগ মোল্লা ওরফে রাহুল (৩৪) এবং মংলা পৌরসভার আরজি মাকরডোন এলাকার জান্নাতি ইসলাম (২০)। পুলিশ জানায়, তিন-চার দিন ধরে জান্নাতি নিজেকে ডিজিএফআই এবং সোহাগ এনএসআইয়ের কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকাবাসীর সঙ্গে প্রতারণা করে আসছিলেন। তাদের কাছ থেকে হিউম্যান রাইটস প্রোটেকশন ফাউন্ডেশন নামে একটি মানবাধিকার সংগঠনের পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল আলম বলেন, ওই দুজন কয়েক দিন ধরে এলাকায় বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ দলীয় সম্ভাব্য ইউপি চেয়ারম্যান প্রার্থীদের কাছে নিজেদের গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিচ্ছিলেন। তারা সম্ভাব্য প্রার্থীদের বলেন, সরকার এই দুটি সংস্থার সমন্বয়ে মাঠ পর্যায় থেকে প্রার্থীদের সম্পর্কে তথ্য চেয়েছে। তারা ওই সব সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে ইতিবাচক মত দেবেন বলে জানিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা আদায় করছিলেন। রোববার বিকেলে বারইখালী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী এইচ এম মুরাদ হোসেনের কাছ থেকে নগদ টাকা নেওয়ার সময় এলাকাবাসী দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।
পুলিশ সূত্র জানায়, ওই দুজন পুলিশের কাছে নিশানবাড়িয়া ইউনিয়নের আবদুল রহিম, জিউধরা ইউনিয়নের জাহাঙ্গীর আলম, বহরবুনিয়া ইউনিয়নের ফজলুর রহমান হাওলাদারসহ আরও কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর কাছ থেকে ‘সরকারের কাছে ভালো প্রতিবেদন’ দেওয়ার আশ্বাস দিয়ে টাকা নিয়েছেন বলে স্বীকার করেছেন।
এ ব্যাপারে খোঁজ নিতে আজ সন্ধ্যায় এনএসআই বাগেরহাট জেলা কার্যালয়ে যোগাযোগ করা হলে নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা বলেন, মোরেলগঞ্জ থানা-পুলিশ ঘটনাটি তাঁদের জানিয়েছে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।