গোয়েন্দা পুলিশের ওপর ছাত্রলীগ নেতার হামলা!
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি গত শুক্রবার রাতে পুলিশের গোয়েন্দা বিশেষ শাখার (ডিএসবি) একজন সহকারী উপপরিদর্শকের (এএসআই) ওপর হামলা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
সরকারি কাজে বাধা দেওয়ার দায়ে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে মামলা হয়নি। বিষয়টি নিয়ে তাঁরা বিব্রতকর অবস্থায় পড়েছেন বলে গতকাল শনিবার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। তবে এর বাইরে তিনি কোনো কিছু মন্তব্য করতে রাজি হননি।
পুলিশ ও স্থানীয় লোকজন জানিয়েছেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগ উপজেলা পরিষদ প্রাঙ্গণে ঈদ পুনর্মিলনী আয়োজন করে। এ উপলক্ষে রাতে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে সেখানে কর্তব্যরত ডিএসবির এএসআই রফিকুল ইসলামের ওপর ছাত্রলীগ সভাপতি চো চো মাং মারমা হামলা করেন।
হামলার শিকার এএসআই রফিকুল ইসলাম বলেন, পুলিশ সদস্যদের পরিবারের কয়েকজন নিজেরা চেয়ার নিয়ে গিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে গিয়েছিলেন। ছাত্রলীগ সভাপতি চো চো মং মারমা ওই চেয়ারগুলো নিয়ে যেতে চান। এ সময় তিনি (এএসআই রফিক) চেয়ারগুলো তাঁরা নিয়ে এসেছেন বলার সঙ্গে সঙ্গে চো চো মং মারমা পুলিশকে উদ্দেশ্য করে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। একপর্যায়ে তাঁকে গালে চড় মারেন ও ধাক্কা দিয়ে বের করে দেন। পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে।
নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান হাজি সৈয়দ আহমদ বলেন, চো চো মং মারমার মারমুখী হয়ে তেড়ে যাওয়া মারধরের শামিল। তাঁর বয়স কম হওয়ায় আবেগ ধরে রাখতে না পেরে তিনি মাঝেমধ্যে সমস্যায় পড়ে যান। এর আগেও উপজেলা ভাইস-চেয়ারম্যানের সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটিয়েছেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা ছাত্রলীগের সভাপতি চো চো মং মারমা হামলার অভিযোগ অস্বীকার করে বলেছেন, এএসআই রফিকের সঙ্গে তাঁর পরিচয় আছে। তাঁর সঙ্গে কোনো কিছু হয়নি। কিন্তু অনুষ্ঠান সফল হয়েছে দেখে বিএনপি ও জামায়াত-শিবির ঈর্ষান্বিত হয়ে নানা ধরনের মিথ্যে অপবাদ ছড়াচ্ছে।
জেলা পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক মোহাম্মদ বাচা মিয়া বলেন, হামলা নয়, চো চো মং মারমুখী হয়ে তেড়ে গিয়েছিলেন। কিন্তু সেখানে আরও পুলিশ থাকায় মারধরের মতো কোনো ঘটনা ঘটেনি। তবে কথা-কাটাকাটি হয়েছে।