গোয়েন্দা পুলিশের ভুয়া কর্মকর্তা গ্রেপ্তার
সিরাজগঞ্জের উল্লাপাড়া থানা-পুলিশ গতকাল শনিবার সকালে গোয়েন্দা পুলিশের (ডিবি) ভুয়া এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে।
গাজী ইউসুফ আলী ওরফে ঝান্ডি ইউসুফ (৬২) নামের ওই ভুয়া পুলিশ কর্মকর্তাকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁর বাড়ি উপজেলার নতুন চাঁদপুর গ্রামে। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।
উল্লাপাড়া থানার উপপরিদর্শক আবদুল জলিল জানান, ইউসুফ আলী নিজেকে ডিবি পুলিশের পরিদর্শক পরিচয় দিয়ে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় ব্যাংকে অবস্থান নিতেন। এরপর ব্যাংক থেকে টাকা উত্তোলনকারী লোকজনকে নানাভাবে ফাঁদে ফেলতেন এবং মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। এ ছাড়া বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে লোকজনের কাছ থেকে টাকা নিয়ে আসছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল সকালে তাঁর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় একটি ওয়াকিটকি উদ্ধার ও তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে পাবনার সাঁথিয়া ও সুজানগর থানায় কয়েকটি প্রতারণার মামলা রয়েছে।