গৌরনদীতে অসুস্থ আরও সাতজনকে হাসপাতালে ভর্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার এ এন মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পিটুনিতে আহত আরও সাত শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হলো।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সাইফুল ইসলাম জানান, পিটুনি ও প্রচণ্ড রোদের কারণেই শিক্ষার্থীরা অসুস্থ হয়েছে। তাদের মধ্যে তিনজনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত শিক্ষার্থী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, স্কুল ড্রেস না পরা এবং শরীরচর্চায় অংশ না নেওয়ায় প্রধান শিক্ষক প্রণয় কান্তি অধিকারী গত মঙ্গলবার ২৫-৩০ জন ছাত্র ছাত্রীকে বেত্রাঘাত করে প্রচণ্ড রোদে দাঁড় করিয়ে রাখেন। এতে অসুস্থ শিক্ষার্থী নিশা আক্তার, মিতু আক্তার, নাঈমা ইসলাম, বিধি আক্তার, নিশা মনি, ঝরনা খাতুন ও লিমা আক্তারকে মঙ্গলবার রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর আগে একই দিন স্বাস্থ্য কমপ্লেক্সে¦ভর্তি হওয়া পাঁচ শিক্ষার্থীর মধ্যে অষ্টম শ্রেণির ছাত্রী মরিয়ম আক্তার, পিংকী আক্তার, ষষ্ঠ শ্রেণির ছাত্রী জান্নাতুল আক্তারের অবস্থার অবনতি হলে তাদের ওই রাতেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা ঘটনাটি খতিয়ে দেখছি।’