গৌরনদীতে আ.লীগ বিএনপির পাল্টাপাল্টি হামলায় আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সংঘর্ষের সময় কুরিরচর গ্রামের একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয় l ছবি: প্রথম আলো
বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে গতকাল সংঘর্ষের সময় কুরিরচর গ্রামের একটি খড়ের গাদায় অগ্নিসংযোগ করা হয় l ছবি: প্রথম আলো

বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান পদপ্রার্থীর বাড়িতে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থক যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা হামলা চালিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বিএনপির প্রার্থীর সমর্থকেরা একজোট হয়ে হামলাকারীদের ওপর পাল্টা হামলা চালান। গতকাল শনিবারের পাল্টাপাল্টি এ ঘটনায় আহত হন অন্তত ৪০ জন। এ সময় বাড়িঘরসহ অন্তত ৩০টি মোটরসাইকেল ভাঙচুর ও আগুন দেওয়া হয়।
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে এমন আরও সহিংসতার খবর পাওয়া গেছে পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, সাতক্ষীরা, নেত্রকোনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়াসহ কয়েকটি স্থানে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৭১ জন।
সরেজমিন পরিদর্শন করে এবং স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী, উভয় পক্ষ ও পুলিশের সঙ্গে কথা বলে জানিয়েছেন ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিরা:
গৌরনদী (বরিশাল): সরিকল ইউপিতে বিএনপির প্রার্থী মঞ্জুর হোসেন অভিযোগ করেন, ছাত্রলীগ ও যুবলীগের দুই শতাধিক নেতা-কর্মী মোটরসাইকেল নিয়ে আওয়ামী লীগের প্রার্থী মো. ফারুক মোল্লার সমর্থনে গতকাল এলাকায় মহড়া দেন। বেলা ১১টার দিকে তাঁরা মঞ্জুর হোসেনের কুরিরচর গ্রামের বাড়ির সামনে যান। এ সময় বাড়ির সামনে টাঙানো মঞ্জুরের একটি ব্যানার ছেঁড়া হলে বাড়ির ভেতর থেকে নারীরা প্রতিবাদ করেন। একপর্যায়ে মহড়ায় থাকা নেতা-কর্মীরা মঞ্জুরের বাড়িতে ঢুকে লোকজনকে মারধরের পাশাপাশি ভাঙচুর ও লুটপাট চালান। এ ঘটনায় মঞ্জুর হোসেনের স্ত্রী খালেদা পারভীন, ভাগনি রুবনা আকতার, ভাতিজি সাথী আকতার এবং সমর্থক নুর জামাল, হালিম সরদার, সেকেন্দার সরদার, ফাতেমা বেগমসহ ১০-১৫ জন আহত হন।
ঘটনার সময় বিএনপির প্রার্থী মঞ্জুর পাশের গ্রামে ছিলেন। মুঠোফোনে খবর পেয়ে তাৎক্ষণিক গ্রামে ফিরে তিনি হ্যান্ডমাইকে গ্রামবাসী ও তাঁর সমর্থকদের হামলা প্রতিহত করার আহ্বান জানান। মুহূর্তেই গ্রামের সহস্রাধিক নারী-পুরুষ লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পাল্টা হামলা চালান। এ সময় ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীদের অনেকে মোটরসাইকেল ফেলে পালিয়ে যান। মঞ্জুরের সমর্থকেরা ৩০টি মোটরসাইকেল ভাঙচুর করেন এবং পুড়িয়ে পাশের ডোবায় ফেলে দেন।
গৌরনদী উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়েরুল ইসলাম বলেন, দলীয় প্রার্থীর পক্ষে গণসংযোগ করতে গেলে অতর্কিতে তাঁদের ওপর হামলা চালান বিএনপির প্রার্থীর সমর্থকেরা। এ ঘটনায় সরকারি গৌরনদী কলেজ ছাত্রলীগের ভিপি সুমন মাহমুদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবলীগের সদস্য আতিকুর রহমান ও এমদাদ হোসেন মৃধা, সরিকল ইউনিয়ন যুবলীগের কর্মী আরিফ হোসেনসহ ২০-২৫ জন নেতা-কর্মী রক্তাক্ত জখম হন।
আহত ১০ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর। অন্যদিকে বিএনপির প্রার্থী মঞ্জুরের আহত সমর্থকেরা গোপনে বিভিন্ন স্থানে চিকিৎসা নিচ্ছেন।
বরিশালের পুলিশ সুপার মো. আকতারুজ্জামান গতকাল দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় অতিরিক্ত র্যাব ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
পটুয়াখালী: দশমিনা উপজেলার আলীপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সোহরাব হোসেন ও আওয়ামী লীগের প্রার্থী বাদশা ফয়সলের সমর্থকদের মধ্যে শুক্রবার রাতে আলীপুর গ্রামে সংঘর্ষ হয়। এতে অন্তত ১৫ জন আহত হন।
একই রাতে পটুয়াখালী সদর উপজেলার ছোটবিঘাই ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আলতাফ হোসেন হাওলাদার ও স্বতন্ত্র প্রার্থী মো. লাল গাজীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন।
বরগুনা: বরগুনা সদরের ফুলঝুরি ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী জুয়েল খানের সমর্থকেরা শুক্রবার রাতে বিদ্রোহী প্রার্থী গোলাম কিবরিয়ার নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর চালান। বাধা দিতে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে ও পিটুনিতে তরিকুল, সোহেল, কামাল পারভেজ, নিজাম উদ্দীন, আ. গণি, রশিদ খান, জসিম উদ্দিন, জাহিদুল, সুমন ও কিবরিয়া হাওলাদার আহত হন। গুরুতর আহত তরিকুলকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আওয়ামী লীগের প্রার্থী জুয়েল খানের সমর্থকেরা দাবি করেন, কিবরিয়ার সমর্থকেরা তাঁদের নির্বাচনী কার্যালয়ও ভাঙচুর করেছেন।
এ ছাড়া শুক্রবার রাতে সদরের বুড়িরচর ইউনিয়নে বিএনপি প্রার্থীর বাড়িতে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকদের হামলার অভিযোগ পাওয়া গেছে।
বেড়া (পাবনা): বেড়া উপজেলার জাতসাখিনী ইউপিতে বিএনপির প্রার্থী আব্দুল গণি ফকির শুক্রবার রাত নয়টার দিকে সিন্দুরী গ্রামে প্রচারণায় যান। এ সময় আওয়ামী লীগের প্রার্থী রেজাউল হক মিয়ার কর্মী-সমর্থকেরা ফাঁকা গুলি ছোড়েন। এরপর তাঁরা লাঠিসোঁটা নিয়ে হামলা চালান। এতে রাজ্জাক ফকির, আসাদ মিয়া, সালাউদ্দিন বাচ্চু, লিটন, শরীফ ফকিরসহ গণি ফকিরের অন্তত ১০ সমর্থক আহত হন। এ ছাড়া হামলাকারীরা বিএনপির প্রার্থীর সমর্থকদের ১৩টি মোটরসাইকেল ভাঙচুর করেন।
পিরোজপুর: নেছারাবাদ উপজেলার কুরিয়ানা বাজারে গতকাল সকালে আওয়ামী লীগের প্রার্থী শেখর কুমার সিকদারের কর্মীদের হামলায় বিএনপির প্রার্থী জাকির হোসেনের চার সমর্থক আহত হন। এ ছাড়া গতকাল দুপুরে মঠবাড়িয়া উপজেলার হলতা গুলিসাখালী ইউপিতে আওয়ামী লীগের প্রার্থীর কর্মীরা একজন স্বতন্ত্র প্রার্থীর কর্মী জাকির হোসেনকে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল হাসপাতালে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা: সদর উপজেলার ভোমরা ইউনিয়নের শাখরা বাজারে শুক্রবার রাতে বিএনপির প্রার্থী আসাদুর রহমানের নির্বাচনী কার্যালয়ে ভাঙচুর করেন আওয়ামী লীগের প্রার্থী শহীদুল ইসলামের সমর্থকেরা। এ সময় পিটুনিতে বিএনপির প্রার্থীর ভাই শরিফুল ইসলামসহ তিনজন আহত হন। পরে বিএনপির প্রার্থীর সমর্থকেরা পাঁচানি মোড় এলাকায় আওয়ামী লীগের প্রার্থীর ওপর হামলা চালান। এ সময় প্রার্থী শহীদুলসহ তিনজন আহত হন।
নেত্রকোনা: খালিয়াজুরী উপজেলার চাকুয়া ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ ও বিদ্রোহী প্রার্থী নূরুল হুদা চৌধুরীর সমর্থকদের মধ্যে শুক্রবার রাতে পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ সময় নূরুল হুদার নির্বাচনী কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। হামলায় তাঁর সমর্থক দীপক সরকার ও দেবল সরকার আহত হন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ঝন্টু সরকার ও ফুল মিয়া নামের দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহ: গৌরীপুর উপজেলার পাচার বাজারে স্থানীয় সহনাটি ইউপিতে স্বতন্ত্র প্রার্থী দুলাল আহমেদের নির্বাচনী কার্যালয়ে শুক্রবার রাতে ভাঙচুর করেন আওয়ামী লীগের প্রার্থী আবদুল মান্নানের সমর্থকেরা। এ সময় কিছু প্লাস্টিকের চেয়ার, একটি কাঠের টেবিল ও একটি টেলিভিশন ভাঙচুর করা হয়।
ব্রাহ্মণবাড়িয়া: আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা ইউপিতে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী কামরুল হাসানের বাড়িতে শুক্রবার রাতে ককটেল হামলা হয়। একই সময়ে আওয়ামী লীগের প্রার্থী সেলিম মিয়ার বাড়ির কাছে আরেকটি ককটেল বিস্ফোরিত হয়।