গৌরনদীতে ক্লিনিক ভাঙচুর, লুটপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলায় স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ ১৫-২০ জনের বিরুদ্ধে চাঁদার দাবিতে একটি ক্লিনিকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ একজনকে গ্রেপ্তার করে গতকাল সোমবার কারাগারে পাঠিয়েছে।
উপজেলা শহরের দক্ষিণ বিজয়পুর এলাকায় শারমিন ক্লিনিকে গত রোববার ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ক্লিনিকটির মালিক এম এ ওহাব স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সিরাজুল ইসলাম (৩২), আরিফ হোসেন (২১), মীর মাসুমসহ (২২) অজ্ঞাতপরিচয় ১৫-২০ জনকে আসামি করে মামলা করেছেন। সিরাজুল, আরিফ ও মাসুমের বাড়ি দক্ষিণ বিজয়পুর এলাকায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, মাদারীপুরের কালকিনি উপজেলার আন্ডারচর গ্রামের আলী আহম্মেদের স্ত্রী মৌসুমি আক্তারের প্রসববেদনা শুরু হলে তাঁকে স্বজনেরা গত বৃহস্পতিবার শারমিন ক্লিনিকে ভর্তি করান। রাত সাড়ে ১০টার দিকে তিনি অস্ত্রোপচারের মাধ্যমে ছেলেশিশুর জন্ম দেন। অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হলে রাত দেড়টার দিকে তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে তিনটার দিকে তিনি মারা যান।
ক্লিনিকের মালিক এবং এজাহার সূত্রে জানা যায়, ঘটনার পরদিন শুক্রবার কতিপয় যুবক ক্লিনিকে হামলা চালিয়ে ভাঙচুর করেন। শনিবার মারা যাওয়া রোগীর স্বজন পরিচয়ে তাঁর কাছে সিরাজুল ইসলাম আসেন। তিনি স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য পরিচয় দিয়ে চাঁদা দাবি করে তাঁর সঙ্গে যোগাযোগ করতে বলেন। অন্যথায় অসুবিধা হবে বলে তিনি হুমকি দেন। যোগাযোগ না করায় রোববার সকালে তিনি ফোন করে প্রতিষ্ঠান গুঁড়িয়ে দেওয়াসহ তাঁকে গুলি করে হত্যার হুমকি দেন। ওই দিন সন্ধ্যা ছয়টার দিকে সিরাজুল ইসলাম, আরিফ হোসেন, মীর মাসুমসহ ১৫-২০ জন লাঠিসোঁটা, দেশীয় অস্ত্রসহ ক্লিনিকে হামলা চালান। তাঁরা ক্লিনিকের টেলিভিশন, দরজা, জানালাসহ আসবাব ভাঙচুর করেন। তাঁরা ক্লিনিকের কর্মচারী সাইদুল ইসলাম (৩০) ও সুজন সরদারকে (২৫) জখম করেন এবং মালিককে লাঞ্ছিত করে তাঁর মুঠোফোন কেড়ে নেন। তাঁরা ক্যাশে থাকা ২০-২২ হাজার টাকা লুট করে চলে যান। হামলার সময় জানালার কাচ ভেঙে এক নবজাতক আহত হয়।
সিরাজুল ইসলাম ও আরিফ হোসেন চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় ও ভুল চিকিৎসায় অতিরিক্ত রক্তক্ষরণে তাঁদের ফুফাতো বোন মৌসুমি মারা যান। এ ঘটনায় বিক্ষুব্ধ স্বজনেরা হামলা চালায়। এতে তাঁরা জড়িত নন।
গৌরনদী মডেল থানার পরিদর্শক (ওসি-তদন্ত) আফজাল হোসেন বলেন, রোববার রাতেই এম এ ওহাব দ্রুত বিচার আইনে মামলা করেন। ওই রাতেই পুলিশ মীর মাসুমকে গ্রেপ্তার করে গতকাল জেলহাজতে পাঠিয়েছে।