গৌরনদীতে চোর সন্দেহে গণপিটুনি, দুজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার প্রত্যন্ত চরসরিকল গ্রামে চোর সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছে। গৌরনদী থানার পুলিশ গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল মর্গে পাঠিয়েছে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে চর সরিকল গ্রামের সাবেক বিডিআর (বর্তমানে বিজিবি) কর্মকর্তা মো. কামরুজ্জামানের ঘরে সিঁদ কেটে তিন চোর চুরি করে। গৃহকর্তা টের পেয়ে চিৎকার দিলে বাড়ির ও গ্রামের লোকজন এগিয়ে আসে। এ সময় এক চোর পালিয়ে গেলেও দুই চোর মুলাদীর চর আলীমাবাদ গ্রামের মোদাচ্ছের আলী (৩৫) ও মাদারীপুরের হাজীর হাওলা গ্রামের রফিক মাতুব্বরকে (৩৮) লোকজন ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে রফিক মাতুব্বর নিহত হয়। গুরুতর আহত মোদাচ্ছের সরদারকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল সকালে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়।
চুরির ঘটনায় গৃহকর্তা কামরুজ্জামান বাদী হয়ে এবং হত্যার ঘটনায় গ্রাম-পুলিশ আ. সোবাহান ফকির বাদী হয়ে গৌরনদী থানায় পৃথক মামলা করেছেন।