গৌরনদীতে তরুণী ধর্ষণের শিকার, একজন আটক
বরিশালের গৌরনদী উপজেলায় এক তরুণীকে ধর্ষণের ঘটনায় এক যুবককে ধরে পুলিশে দিয়েছেন গ্রামবাসী। এ ঘটনায় মেয়েটি বাদী হয়ে গতকাল শুক্রবার থানায় ওই যুবকসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন।
গৌরনদী মডেল থানার ওসি আলাউদ্দিন মিলন বলেন, প্রাথমিক তদন্তে মেয়েটিকে ধর্ষণের আলামত মিলেছে। ডাক্তারি পরীক্ষার জন্য তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামিরা হলেন সুজন হাওলাদার (২৪) ও মনির সরদার (২৬)। আটক মনির সরদারকে (২৬) ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল কারাগারে পাঠানো হয়েছে।
থানা-পুলিশ সূত্র জানায়, মুঠোফোনের মাধ্যমে দুই মাস আগে উপজেলার ধানডোবা গ্রামের সুজন হাওলাদারের সঙ্গে পাশের মাদারীপুর জেলার কালকিনি উপজেলার ওই তরুণীর (২০) প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সুজন বিয়ের প্রলোভন দিয়ে গত বুধবার রাতে মেয়েটিকে ধানডোবা গ্রামে এনে একটি পানের বরজে নিয়ে ধর্ষণ করেন। একপর্যায়ে সুজনের সহযোগী মনির সরদারও মেয়েটিকে ধর্ষণের চেষ্টা করেন। তখন মেয়েটি ডাকচিৎকার দিলে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে মনিরকে আটক করে।