গৌরনদীতে বিএনপি নেতার বাসভবনে হামলা ও ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বরিশাল উত্তর জেলা বিএনপির সহসভাপতি গাজী কামরুল ইসলামের গৌরনদীর বাসভবনে গতকাল রোববার হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। অভিযোগ উঠেছে, পূর্বশত্রুতার জের ধরে আওয়ামী লীগের স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকেরা এ হামলা চালিয়েছেন।
হামলার শিকার পরিবারের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাক হাওলাদারের জামাতা উপজেলা ছাত্রলীগের সদস্য নয়ন তালুকদার (২৬) তাঁর সহযোগীদের নিয়ে কামরুল ইসলামের ছোট ভাই ও ছাত্রদলের সভাপতি সজীব গাজীকে ৩ নভেম্বর রাতে অপহরণ করে মারধর করেন। বিষয়টি পুলিশকে জানানো হলে তাঁরা সজীবকে উদ্ধার করে। ৬ নভেম্বর গৌরনদীর মেয়র ও গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারিছুর রহমান তাঁর বাসভবনে বসে বিষয়টি মীমাংসা করেন। এ ঘটনায় নয়ন তালুকদারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযোগ প্রসঙ্গে নয়ন তালুকদার বলেন, অপহরণের কোনো ঘটনা ঘটেনি, তবে হাতাহাতি হয়েছে। বিচারে জরিমানা দেওয়ার কথা তিনি স্বীকার করেন।
স্থানীয় লোকজন বলেন, গতকাল রোববার সকালে কামরুল ইসলামের বাড়ির পাশ দিয়ে আওয়ামী লীগ নেতা আবদুর রাজ্জাক হেঁটে যাচ্ছিলেন। এ সময় গাজী কামরুলের বাবা গাজী আবদুল খালেক ও মা সাফিয়া বেগম রাজ্জাক হাওলাদারের কাছে ছেলের অপহরণের বিষয়ে জিজ্ঞাসা করেন। কথা-কাটাকাটির একপর্যায়ে আবদুল খালেক রাজ্জাককে চড়-থাপ্পড় মারেন। এ খবর ছড়িয়ে পড়লে রাজ্জাক হাওলাদারের ছেলে উপজেলা যুবলীগের কর্মী সোহাগ হাওলাদার (৩০) ৫০ থেকে ৬০ জন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মী নিয়ে কামরুল ইসলামের বাড়িতে হামলা চালান। হামলাকারীরা ভবনের দরজা, জানালা, গ্রিল ও থাই গ্লাস ভাঙচুর করে। পরে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি জয়নাল হাওলাদার, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র হারিছুর রহমান ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম পুলিশ নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।
অভিযোগ অস্বীকার করে রাজ্জাক হাওলাদার বলেন, ‘হামলার সঙ্গে আমি ও আমার কোনো লোকজন জড়িত নয়।’
ওসি আবুল কালাম জানান, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।