গৌরনদীতে শিবিরের ১৪ নেতা-কর্মী আটক
বরিশালের গৌরনদীতে নাশকতা সৃষ্টির পরিকল্পনা করার সময় পটুয়াখালী জেলা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের সভাপতিসহ শিবিরের ১৪ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার গৌরনদী উপজেলার কাছেমাবাদ আলিয়া ছিদ্দিকিয়া কামিল মাদ্রাসার বিজ্ঞান ভবনে গোপন বৈঠকের সময় তাঁদের আটক করা হয়।
আটক নেতা–কর্মীরা হলেন পটুয়াখালী জেলা ছাত্রশিবিরের সভাপতি মো. বায়েজিদ মাতুব্বর, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সভাপতি আজাদ উল ইসলাম, গৌরনদী উপজেলা সভাপতি মো. সবুজ হাওলাদার, পটুয়াখালী জেলা শিবিরের সদস্য জোবায়েরুল ইসলাম, তরিকুল ইসলাম প্রমুখ।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন বলেন, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মো. সবুজ হাওলাদারের সভাপতিত্বে গোপন বৈঠক চলছিল। সংবাদ পেয়ে গৌরনদী মডেল থানার একদল পুলিশ মাদ্রাসায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে। তাঁরা বড় ধরনের নাশকতা সৃষ্টির পরিকল্পনা করছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।