গৌরীপুরে আ.লীগ নেতাকে কুপিয়ে জখম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহসম্পাদক মোর্শেদুজ্জামান সেলিমকে কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ধানমহাল এলাকায় গত রোববার এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা ছাত্রলীগের সাবেক এক নেতার বাড়িতে ভাঙচুর চালায়।
এ ঘটনায় পুলিশ গৌরীপুর পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হামলার সময় দুর্বৃত্তরা একটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়।
পুলিশ ও দলীয় সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলার বাসিন্দা মোর্শেদুজ্জামান ঢাকায় থাকেন। কয়েক দিন আগে ঈদ করতে তিনি গৌরীপুর আসেন। রোববার বিকেল থেকে তিনি ধানমহাল এলাকায় উপজেলা ছাত্রলীগের সাবেক ক্রীড়া সম্পাদক নিজাম উদ্দিনের বাড়ির কাছে একটি ঘরে বসে দলীয় কর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করছিলেন। রাত নয়টার দিকে বিদ্যুৎ চলে গেলে ২৫-৩০ জন দুর্বৃত্ত নিজাম উদ্দিনের বাড়িঘরে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করতে থাকে। তারা এ সময় একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেয়। মোর্শেদুজ্জামান প্রতিহত করার চেষ্টা করলে দুর্বৃত্তরা তাঁর হাত ও পায়ে কোপ দেয়। রাতেই তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
মোর্শেদুজ্জামান বলেন, ‘উপজেলা আওয়ামী লীগের একটি অংশের নির্দেশেই দুর্বৃত্তরা হামলা করেছে। অন্ধকারে তাদের চিনতে পারিনি। একটু সুস্থ হয়ে বিস্তারিত জেনে এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ করব।’ গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় ওমর ফারুক নামের একজনকে আটক করা হয়েছে।