গৌরীপুরে ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম, মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান দুলাল আহমেদকে (৫২) কুপিয়ে জখম করেছে একদল দুর্বৃত্ত। গতকাল শনিবার ভোরে চেয়ারম্যানের গ্রামের বাড়ি সোনাকান্দিতে এ ঘটনা ঘটে।
চেয়ারম্যানের স্বজনেরা অভিযোগ করেন, চেয়ারম্যানের দ্বিতীয় স্ত্রীর সঙ্গে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তবে চেয়ারম্যানের ওপর হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেন তাঁর দ্বিতীয় স্ত্রীর পক্ষের লোকজন।
দুলাল আহমেদ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তিনি কথা বলতে না পারায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। এ ঘটনায় গতকাল বিকেলে তাঁর দ্বিতীয় স্ত্রী শরমিন নাহার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা করেছেন। মামলায় দুলালের ভাই কাজল মিয়া, কাঞ্চন মিয়া ও প্রথম পক্ষের ছেলে উজ্জ্বল মিয়াকে আসামি করা হয়েছে। মামলার তিন আসামি অভিযোগ অস্বীকার করেছেন।
দুলাল আহমেদের কয়েকজন আত্মীয় বলেন, ইউপি নির্বাচন উপলক্ষে গত শুক্রবার সারা দিন দুলাল বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন। রাত আনুমানিক চারটার দিকে তিনি সোনাকান্দি গ্রামের নিজের বাড়িতে যান। কিছুক্ষণ পর রক্তাক্ত অবস্থায় দুলাল ঘর থেকে বের হয়ে প্রতিবেশী শহীদুল্লাহর বাড়িতে গিয়ে তাঁকে ডেকে তোলেন।
পরিবার, প্রতিবেশী ও পুলিশ সূত্রে জানা গেছে, ১০ বছর আগে দুলাল শরমিনকে বিয়ে করেন। শরমিনের সঙ্গে দীর্ঘদিন ধরে তাঁর দাম্পত্য কলহ চলে আসছিল। ২০১৪ সালের ৩ অক্টোবর শরমিন তাঁর ওপর শারীরিক নির্যাতনের অভিযোগে গৌরীপুর থানায় মামলা করেন।ওই মামলায় পুলিশ দুলালকে গ্রেপ্তার করে। পরে স্ত্রীর সঙ্গে আবারও বনিবনা হলে তাঁরা একসঙ্গে বসবাস শুরু করেন।
গতকাল শনিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়, দুলালের মাথা ও বাঁ পাশের কপাল বরাবর একটি কোপের চিহ্ন। তাঁকে দেখতে সহনাটি ইউনিয়নের অনেক মানুষ এসেছেন। তাঁদের মধ্যে কয়েকজন বলেন, বর্তমানে শরমিনের সঙ্গে দুলালের কোনো কলহ ছিল বলে তাঁদের জানা নেই। গত শুক্রবার সকালেও শরমিন এলাকার নারীদের সঙ্গে স্বামীর নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। ইউপি নির্বাচন সামনে রেখে দুর্বৃত্তরা দুলালকে কুপিয়ে জখম করতে পারে।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, দুলাল আহমেদ সুস্থ হওয়ার পর তাঁর জবানবন্দির ওপর ভিত্তি করেই মামলার সঠিক তদন্ত করা সম্ভব হবে।