গৌরীপুরে ছয়টি বাড়িতে হামলা, আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বল্প পশ্চিমপাড়া গ্রামে গত সোমবার রাতে ছয়টি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। হামলায় ইউপি সদস্য মো. মোস্তাকিমের পক্ষের ১৫ জন আহত হয়েছেন।
এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুটি পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বোকাইনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মোস্তাকিমের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বালুচড়া গ্রামের আবু সাঈদ ওরফে শাহেদের দীর্ঘদিন ধরে বিরোধ রয়েছে। গত ২৯ জুলাই (ঈদের দিন) মোস্তাকিমের পক্ষের রাজীব মিয়া (১৫), সজীব মিয়া (১৬) পার্শ্ববর্তী বাসাবাড়ি গ্রামে বেড়াতে যায়। সন্ধ্যায় বাড়ি ফেরার পথে আবু সাঈদের ছেলে স্বপনসহ তাঁর (আবু সাঈদ) অনুসারীরা রাজীব ও সজীবকে মারধর করেন। ওই রাতেই প্রতিশোধ নিতে মোস্তাকিমের লোকজন আবু সাঈদের অনুসারী আজিজুল হককে রাস্তায় আটকে মারধরের পর পুলিশে সোপর্দ করেন। আজিজুল একটি মামলার আসমি ছিলেন। মারধরের ঘটনায় আজিজুলের স্ত্রী শামসুন্নাহার বাদী হয়ে ৫ আগস্ট গৌরীপুর থানায় একটি মামলা করেন।
সোমবার আজিজুলের স্ত্রীর দায়ের করা মামলায় মোস্তাকিম ও তাঁর ২৬ জন অনুসারী ময়মনসিংহ আদালতে হাজিরা দিয়ে বিকেলে ফেরেন। রাত নয়টার দিকে আবু সাঈদের ছেলে স্বপন মিয়া ও নয়ন মিয়ার নেতৃত্বে শতাধিক লোক রামদা, বল্লমসহ বিভিন্ন ধারালো অস্ত্র নিয়ে স্বল্প পশ্চিমপাড়ায় মোস্তাকিমের অনুসারীদের ছয়টি বাড়িতে হামলা চালিয়ে লোকজনকে মারধর ও লুটপাট করেন।
মোস্তাকিম অভিযোগ করেন, আবু সাঈদের লোকজন তাঁর অনুসারীদের ছয় থেকে সাতটি বাড়িতে হামলা করে ১৭টি গরুসহ ঘরের মূল্যবান মালামাল নিয়ে গেছে। এ সময় ধারালো অস্ত্রের আঘাতে ১৫ জন আহত হন। তিনি বলেন, আহত ব্যক্তির মধ্যে পাঁচজনকে প্রথমে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ১১টার দিকে মো. জোনায়েদ ও প্রতিবেশী রবিকুল ইসলামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মঙ্গলবার জোনায়েদের অবস্থার আরও অবনতি হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, ‘ইউপি সদস্য মোস্তাকিমের স্বজনদের বাড়িতে আবু সাঈদের অনুসারীদের হামলা করার খবর পেয়েছি। এখনো কেউ থানায় লিখিত অভিযোগ করেনি। আবু সাঈদ ও তাঁর পরিবারের লোকজন গা ঢাকা দিয়েছেন।’