গৌরীপুরে বিএনপি নেতার বিপণিবিতান বাড়িঘর ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের গৌরীপুর পৌর আওয়ামী লীগের একাংশের সাধারণ সম্পাদক রওশন সারোয়ারের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে গত সোমবার রাতে পৌর বিএনপির সাবেক সভাপতি খালেক মুন্সির ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুর করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা।
এর আগে সোমবার বিকেলে খালেক মুন্সিকে হরতালে নাশকতার মামলায় পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তাঁর পরিবারের সদস্যরা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল রয়েছে। এর জের ধরে গত রোববার বিকেলে রওশন সারোয়ারকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের একাংশের ইন্ধনে হামলায় নেতৃত্ব দেন পৌর বিএনপির সাবেক সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র খালেক মুন্সি ও তাঁর দলবল।
এ ঘটনার পর আওয়ামী লীগের দুই অংশের নেতারাই রওশন সারোয়ারের ওপর হামলার অভিযোগে খালেক মুন্সিকে গ্রেপ্তারের দাবিতে সোমবার রাতে ও গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেন। সোমবার রাত নয়টার দিকে গৌরীপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের একাংশের সভাপতি সৈয়দ রফিকুল ইসলামের পক্ষের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের নয়াপাড়া এলাকায় খালেক মুন্সির মালিকানাধীন একটি বিপণিবিতানের কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠান ও বাড়িঘরে হামলা চালিয়ে আসবাব ভাঙচুর করেন।
খালেক মুন্সির ছেলে সাকিব মুন্সি মুঠোফোনে বলেন, ‘আমার বাবা এ ঘটনার সঙ্গে জড়িত নন। তবু আমাদের বাড়িঘরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ভাঙচুর করেছে।’
সৈয়দ রফিকুল ইসলাম হামলায় তাঁর সমর্থকদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে বলেন, ‘হামলা যারাই করুক না কেন, অভিযোগ আমার ওপরই আসবে, সেটা আমি জানি।’
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী শেখ বলেন, রওশন সারোয়ারের ওপর হামলার ঘটনায় খালেক মুন্সি জড়িত থাকতেও পারেন। তবে তাঁকে রেলে নাশকতার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।