গৌরীপুরে সংঘর্ষে তরুণ নিহত, প্রতিবাদে ভাঙচুর ও অগ্নিসংযোগ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ভাংনামারী ইউনিয়নের খোদাবক্সপুর গ্রামে গত রোববার পাওনা টাকা আদায়কে কেন্দ্র করে দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আশরাফুল আলম (২২) নামের এক তরুণ নিহত হয়েছেন।
আশরাফুল খোদাবক্সপুর গ্রামের আবদুল জব্বারের ছেলে।
আশরাফুল নিহত হওয়ার জের ধরে গত সোমবার ঈদের নামাজের পর নিহত ব্যক্তির পরিবার ও গ্রামবাসীর একাংশ প্রতিপক্ষের লোকজনের ৫০টি বাড়িঘরে ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালান।
এ ঘটনায় নিহত আশরাফুলের বাবা ঈশ্বরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুলিশ দুই নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ, নিহত ব্যক্তির পারিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, খোদাবক্সপুর গ্রামের আবদুল জলিলের ছেলে নয়ন মিয়া দুই বছর আগে একই গ্রামের রহুল আমিনের কাছ থেকে মাসিক সুদে দুই লাখ ৫০ হাজার টাকা নেন। এর পর থেকে নয়ন সুদের টাকা পরিশোধ করে আসছেন। বেশ কিছুদিন ধরে রুহুল আমিন আসল টাকার জন্য নয়নকে চাপ দিচ্ছিলেন।
এ নিয়ে নয়ন ও রুহুল আমিনের পরিবারের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। বিরোধের জের ধরে গত শনিবার রাতে ময়মনসিংহ সদর উপজেলার ভাবখালী বাজারে নয়নের সঙ্গে রহুল আমিনের ছেলে ফারুকের কথা-কাটাকাটি হয়।
রোববার বিকেলে নয়ন মিয়া ও রুহুল আমিনের পক্ষের লোকজন দা, রাম দা ও বল্লম নিয়ে সংঘর্ষে লিপ্ত হন। এ সময় আশরাফুলের পেটে ও পিঠে রাম দায়ের আঘাত লাগে। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর তাঁর মৃত্যু হয়।
আশরাফুল নিহত হওয়ার জের ধরে পরদিন সোমবার ঈদের নামাজ শেষে আশরাফুলের পরিবার ও বিক্ষুব্ধ গ্রামবাসীর অনেকেই রহুল আমিন ও তাঁর স্বজনদের বাড়িঘরে দফায় দফায় ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাট চালান।
এ সময় রুহুল আমিন ও তাঁর স্বজনেরা পলাতক ছিলেন। গ্রামবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, হামলাকারীরা বেশ কটি বাড়ির দেয়াল থেকে ইট খুলে নিয়ে যান এবং ঘরের মূল্যবান মালামাল লুট করেন।
আশরাফুলের বাবা আবদুল জব্বার হামলার সঙ্গে নিজের এবং তাঁর স্বজনদের সম্পৃক্ত থাকার কথা অস্বীকার করে বলেন, ‘কারা হামলা করেছে এ বিষয়ে আমি কিছু জানি না।’
নয়ন দাবি করেন, সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই রুহুল আমিনের পাওনা টাকার হিসাব মিটমাট হয়ে গেছে। অন্যায়ভাবে টাকা দাবিসহ তাঁরা আক্রমণ করে আশরাফুলকে মেরেছেন। এ ঘটনার পর থেকে রুহুল আমিনের পক্ষের লোকেরা পলাতক রয়েছেন।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস আলম জানান, নিহত আশরাফুলের বাবা আবদুল জব্বার বাদী হয়ে গত মঙ্গলবার মামলা করেছেন। মামলার এজাহারভুক্ত আসামি ওমর আলী, আবদুল হান্নান, রওশনারা ও নাজমাকে পুলিশ গ্রেপ্তার করেছে।