গৌরীপুরে সন্ত্রাসী হামলায় আ.লীগ নেতা আহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির উদ্দিনের ওপর হামলা চালিয়েছে একদল সন্ত্রাসী। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার উপজেলার কুমরি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে ছয়জন সন্ত্রাসী দা ও লাঠিসোঁটা নিয়ে কবির উদ্দিনের ওপর হামলা চালায়। কবির হামলাকারীদের প্রতিহত করতে চাইলে তাঁর ডান হাত ও বাঁ পায়ে কোপ লাগে। পরে এলাকার লোকজন তাঁকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোর্শেদ বলেন, ‘রাজনৈতিক কারণে কবির উদ্দিনের ওপর হামলা হয়নি বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে এ ব্যাপারে এখনো লিখিত অভিযোগ পাইনি।’