গোদাগাড়ীতে তিন কেজি হেরোইন উদ্ধার, ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৩ কেজি ২০০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল বৃহস্পতিবার ভোরে গোদাগাড়ী পৌরসভার সারাংপুর এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
আটক মাদক ব্যবসায়ীরা হলেন সারাংপুর ভেড়ীপাড়া গ্রামের রেজাউল করিম ওরফে গাড়ু (৪৩) এবং একই এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে তাজিমুল হক (২৮)।
এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের সহকারী পরিচালক (গোয়েন্দা) জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ভোর পাঁচটার দিকে হেরোইনের এই চালান নিয়ে ওই দুজন পদ্মা নদী পার হয়ে গ্রামের ভেতর ঢুকছিলেন। এ সময় তাঁরা সারাংপুর ভেড়ীপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ ওই দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে ধরে ফেলেন।
জিল্লুর রহমান আরও জানান, আন্তর্জাতিক বাজারদর হিসেবে উদ্ধার করা হেরোইনের মূল্য প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা। এটি এই এলাকায় হেরোইনের একটি বড় চালান। এর আগে এত বড় চালান ধরা পড়েছে কি না, তা তাঁদের জানা নেই।
এ ঘটনায় রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদর-এ সার্কেলের পরিদর্শক খলিলুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছেন।