গোদাগাড়ীতে স্বামীকে হত্যার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় গত বুধবার এক আদিবাসী নারী পারিবারিক কলহের জের ধরে স্বামীকে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুকুরপাড় গ্রামে এক তরুণের লাশ উদ্ধার করা হয়েছে।
গোদাবাড়ীতে নিহত আদিবাসী কৃষক হলেন গণেশ টুডু (৪০)। তাঁর বাড়ি উপজেলার বাউটিয়া মরাফেলা গ্রামে। তাঁর স্ত্রী মালতি মুর্মুকে (৩৫) ঘটনার পর পুলিশ গ্রেপ্তার করে। তিনি হত্যার দায় স্বীকার করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গণেশ দুই বছর আগে মালতি মুর্মুকে বিয়ে করেন। বিয়ের পর থেকে তিনি মালতির বাড়িতেই থাকতেন। বুধবার রাতে মালতি তরকারি কাটছিলেন। এ সময় গণেশের সঙ্গে তাঁর ঝগড়া শুরু হয়। একপর্যায়ে মালতি হাঁসুয়া দিয়ে স্বামীর গলায় কোপ দেন। ঘটনাস্থলেই গণেশের মৃত্যু হয়। পরে মালতির চিৎকারে স্থানীয় লোকজন এসে পুলিশে খবর দেন।
গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার আলী জানান, মালতি পুলিশের কাছে বলেছেন, তাঁর স্বামী কাজ না করে বসে বসে নেশা করেন। এ নিয়ে ঝগড়ার একপর্যায়ে রাগে তিনি হাঁসুয়া দিয়ে কোপ দিয়েছেন। গণেশের লাশ গতকাল সকালে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়।
সিরাজগঞ্জের উল্লাপাড়ার পুকুরপাড় গ্রামের বাড়ির পাশের ধানের জমি থেকে মানিক উদ্দীন (২৫) নামের এক তরুণের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি গ্রামের কাইয়ূম উদ্দীনের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে মানিক তাঁর অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে স্থানীয় লোকজন তাঁর লাশ বাড়ির পাশের একটি জমিতে দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। এ ঘটনায় মানিকের স্ত্রী শিউলী খাতুন বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।
শিউলী খাতুন জানান, জমাজমি-সংক্রান্ত ঘটনা নিয়ে স্থানীয় কতিপয় ব্যক্তির সঙ্গে তাঁদের দ্বন্দ্ব চলছিল। এ ঘটনার জের ধরে তাঁর স্বামীকে হত্যা করা হয়েছে।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল হুদা বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মানিককে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।