গোদাগাড়ী ও শিবগঞ্জে দুই গৃহবধূকে খুনের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় স্বামীর বিরুদ্ধে এলিনা বেগম (২৩) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

উপজেলার গোগ্রাম ইউনিয়নের মুরারিপুর গ্রামেগত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গতকাল শনিবার এলিনার স্বামী মাসুম আলীকে (২৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে গতকাল শনিবার শুকতারা বেগম (২২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে তাঁকে প্রতিপক্ষের লোকজন খুন করেছে বলে অভিযোগ উঠেছে।            

এলিনা গোদাগাড়ীর কৈশবপুর গ্রামের মৃত রফিকুল ইসলামের মেয়ে। প্রায় তিন বছর আগে মুরারিপুর গ্রামের মোস্তফার ছেলে মাসুমের সঙ্গে তাঁর বিয়ে হয়।

এলিনার মা ছবি আরা বলেন, বিয়ে হওয়ার পর থেকেই এলিনাকে মাসুম নির্যাতন করছিলেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতের কোনো একসময় এলিনাকে পরিকল্পিতভাবে গলা টিপে হত্যা করেন মাসুম। পরে হত্যার বিষয়টি ধামাচাপা দিতে ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে প্রচার করেন মাসুম।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিপজুর আলম মুন্সি বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করার কথা স্বীকার করেছেন মাসুম। পারিবারিক ঝামেলা থেকে এ হত্যাকাণ্ড হয়েছে।

এ ঘটনায় মাসুমকে একমাত্র আসামি করে থানায় হত্যা মামলা হয়েছে। তিনি আরও বলেন, লাশ উদ্ধারের সময় এলিনার দুই কান দিয়ে রক্ত বের হচ্ছিল। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে শিবগঞ্জের ধাইনগর ইউনিয়নের রানীনগর গ্রামে গতকাল দুপুরে নিজ বাড়ি থেকে শুকতারার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের মো. দুরুলের স্ত্রী। এটি হত্যা না আত্মহত্যা—এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। তবে এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার দায়ে থানায় মামলা হয়েছে বলে জানান ওসি হাবিবুল ইসলাম।

শুকতারার পরিবার ও এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, সুদের টাকা নিয়ে দুরুলের সঙ্গে একই গ্রামের মো. তাজেলের (৩২) বিরোধ ছিল। গতকাল সকাল সাড়ে সাতটার দিকে তাজেল কয়েকজন লোক নিয়ে দুরুলের বাড়ি এসে টাকার জন্য চাপ দেন। এ নিয়ে শুকতারার সঙ্গে তাজেলের কথা-কাটাকাটি হয়। এ সময় তাজেল ও তাঁর লোকজন শুকতারার ওপর হামলা চালিয়ে তাঁকে হত্যা করেন। পরে তাঁরা শুকতারার লাশ ঘরে ওড়না দিয়ে ঝুলিয়ে পালিয়ে যান। শুকতারার দেহ ঝুলন্ত থাকলেও পা মাটিতে ঠেকে ছিল।

।