গোদাগাড়ী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
রাজশাহীর গোদাগাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আবুল কালাম (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন। ভারতের লালগোলা থানার কানাপাড়া সীমান্তের কাছে গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
নিহত কালাম গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের কানাপাড়া গ্রামের কদম আলীর ছেলে।
আবুল কালামের ছোট ভাই তরিকুল ইসলামের বরাত দিয়ে গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, কয়েকজন গরু ব্যবসায়ীর সঙ্গে বৃহস্পতিবার রাতে কালাম ভারতের কানাপাড়া সীমান্ত দিয়ে গরু আনতে যাচ্ছিলেন। এ সময় বিএসএফ সদস্যরা তাঁদের লক্ষ্য করে গুলি চালালে কালাম মাথায় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় সঙ্গের ব্যবসায়ীরা তাঁকে উদ্ধার করার পর গতকাল শুক্রবার ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কালামকে মৃত ঘোষণা করেন।
কালামের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছেন রাজশাহীর রাজপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) খবির উদ্দিন। তিনি গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, গুলি কালামের মাথার এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
তবে বিএসএফের গুলিতে কালাম নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শাহজাহান সিরাজের দাবি, ধারালো অস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে কালামের।