গোপন বাক্সে ১৫০ কেজি গাঁজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে দেড় শ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সবুজ চৌধুরী
বগুড়ার শেরপুরে দেড় শ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। ছবি: সবুজ চৌধুরী

ট্রাকের পাটাতনের নিচে বিশেষভাবে তৈরি করা গোপন বাক্সে ছিল ৭৫টি প্যাকেটে ১৫০ কেজি গাঁজা। গতকাল বুধবার রাত আড়াইটার দিকে শেরপুর পৌর শহরের একটি পেট্রলপাম্পের সামনে থেকে শেরপুরের পুলিশ ট্রাকটি আটকের পর ওই গাঁজা উদ্ধার করে।

এ ঘটনায় ট্রাকটি জব্দসহ ট্রাকের চালক ও তাঁর সহকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন ট্রাকচালক সোহাগ হোসেন (২৯) ও তাঁর সহকারী (হেলপার) মো. হারুন (২৭)। দুজনেরই বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপড় গ্রামে।

শেরপুর থানার উপপরিদর্শক (এসআই) আরিফুল ইসলাম বলেন, গ্রেপ্তার দুজন পুলিশের কাছে বলেন ট্রাকের মালিক গাজীপুরের টঙ্গীর রবিউল ইসলাম। গাঁজা বহনের জন্য বিশেষ কৌশলে ট্রাকের নিচে পাটাতনজুড়ে স্টিলের বাক্স তৈরি করা হয়েছে। ট্রাকের বাইরে থেকে এই গোপন বাক্সটি কারও নজরে আসে না। সেই বাক্সে করে গাঁজা পাচার হচ্ছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. এরফান বলেন, এ ঘটনায় আজ বৃহস্পতিবার চালক-সহকারীসহ ট্রাকের মালিকের নামে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। উদ্ধার করা গাঁজার মূল্য আনুমানিক ৩০ লাখ টাকা।