গোপন বৈঠককালে জামায়াতের নেতা ও তাঁর ছেলে গ্রেপ্তার
গাইবান্ধা জেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি নজরুল ইসলাম (৫৫) ও তাঁর ছেলে পলাশবাড়ী সাঈদী মুক্তি আন্দোলনের সভাপতি গোলাম আযমকে (৩০) গত শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-রংপুর মহাসড়কের পলাশবাড়ী উপজেলা সদরের মহেশপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। নজরুল ইসলাম পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। নাশকতার অভিযোগ থাকায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি স্থানীয় সরকার মন্ত্রণালয় তাঁকে সাময়িক বরখাস্ত করে।
পলাশবাড়ী থানার পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে উপজেলার নিশ্চিতপুর গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে জামায়াতের নেতা নজরুল ইসলামের নেতৃত্বে নাশকতা পরিকল্পনার জন্য গোপন বৈঠক চলছিল। শাহজাহান পলাশবাড়ী উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শাহজাহানের বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটান। এ সময় পুলিশ পাল্টা শটগানের গুলি ছুড়লে শাহজাহানসহ নেতা-কর্মীরা মোটরসাইকেলে করে পালিয়ে যান। পরে পুলিশ ধাওয়া করে উপজেলা সদরের মহেশপুর এলাকা থেকে নজরুল ইসলাম ও তাঁর ছেলে গোলাম আযমকে গ্রেপ্তার করে। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে দুটি মোটরসাইকেল, ছয়টি ককটেল ও সাতটি চকলেট বোমা উদ্ধার করে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নির্বাচনের আগে ও পরে ভোটকেন্দ্র পোড়ানো, পুলিশ হত্যা, গাড়িতে অগ্নিসংযোগসহ বিভিন্ন স্থানে নাশকতায় নেতৃত্ব দেওয়ার অভিযোগে বিভিন্ন থানায় ২১টি মামলা রয়েছে।