গোপালগঞ্জ ও পিরোজপুরে ছয় ডাকাত গ্রেপ্তার
ডাকাতির প্রস্তুতির সময় গোপালগঞ্জে তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার ঢাকা-খুলনা মহাসড়কের পুলিশ লাইন মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে পিরোজপুর শহরের ধোপাবাড়ি এলাকার একটি বাসা থেকে গত মঙ্গলবার তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গোপালগঞ্জে আটক ব্যক্তিরা হলো বাদশা শেখ (১৮), হোসাইন শেখ (২২) ও আহাদ ফরাজি (২১)। তাদের বাড়ি নড়াইল ও খুলনা জেলার বিভিন্ন গ্রামে। পুলিশ তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি কার্তুজ, দুটি চাপাতিসহ বিভিন্ন দেশি অস্ত্র জব্দ করে। গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, এ ব্যাপারে থানায় মামলা হয়েছে।
পিরোজপুর সদর থানার পুলিশ জানায়, ২ অক্টোবর শহরের মাছিমপুর এলাকায় ব্যবসায়ী এনায়েত হোসেনের বাড়িতে ডাকাতি হয়। এ ঘটনায় থানায় করা মামলায় পুলিশ মঙ্গলবার বিকেলে নাজমুল ও তার দুই সহযোগী সবুজ সরদার (২৪) ও সমির মল্লিককে (২৩) গ্রেপ্তার করে। পরে নাজমুলের দেওয়া স্বীকারোক্তি অনুযায়ী মাছিমপুর এলাকার পরিত্যক্ত একটি ডোবা থেকে ধারালো অস্ত্র এবং ধোপাবাড়ি এলাকায় তার ভাড়া বাসা থেকে ডাকাতি হওয়া স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার করা হয়।
সদর থানার ওসি আবদুল রাজ্জাক মোল্লা জানান, নাজমুলের বিরুদ্ধে খুলনা, বাগেরহাট ও গোপালগঞ্জ থানায় ১১টি মামলা আছে।