গোপালগঞ্জে আদালত থেকে হত্যা মামলার নথি গায়েব
গোপালগঞ্জে আদালত থেকে একটি হত্যা মামলার ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি গায়েব হয়ে গেছে। গত বুধবার মামলার নির্ধারিত তারিখে এ তথ্য জানা যায়। ঘটনাটি ঘটেছে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে।
আদালতের পেশকার কাজী নাজমুল ইসলাম প্রথম আলোকে বলেন, ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি হারিয়ে গেছে। হারিয়ে যাওয়া নথি খুঁজে বের করার চেষ্টা চলছে।
আদালত সূত্রে জানা যায়, ১১ বছর ধরে মামলাটি বিচারাধীন। ২০০৫ সালের ২৭ নভেম্বর সন্ধ্যায় গোপালগঞ্জ সদরের লতিফপুর ইউনিয়নের চরমানিকদাহ গ্রামে সাজিয়া জাহানের (১৯) লাশ তাঁর স্বামী পুলিশ কনস্টেবল মশিউর রহমানের বাড়ি থেকে উদ্ধার করা হয়। লাশটি গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ঝুলে ছিল। সাজিয়া গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ছাগলছিড়া গ্রামের মো. নেসারউদ্দিন মোল্লার মেয়ে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিনই সাজিয়ার স্বামী মশিউরকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর গোপালগঞ্জ সদর থানায় ওই বছরের ২৯ নভেম্বর হত্যা মামলা করেন সাজিয়ার বাবা। মামলার তদন্ত কর্মকর্তা থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) হুমায়ূন কবির ২০০৬ সালের ১১ ফেব্রুয়ারি সাজিয়ার স্বামী মশিউর রহমান, শ্বশুর মফিজুর রহমান, শাশুড়ি সেলিনা খানম, ননদ মাহফুজা আক্তার, ভাবি সুমী বেগম ও চাচাশ্বশুর ইব্রাহিম মোল্লার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
সাজিয়ার মা মেরী বেগম বলেন, ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি সাজিয়ার সঙ্গে পুলিশ কনস্টেবল মশিউর রহমানের বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর দুই লাখ টাকা যৌতুক চাওয়া হয়। ওই বছরের এপ্রিলে ৫০ হাজার টাকা ইউপি চেয়ারম্যানের মাধ্যমে দেওয়া হয়। কিন্তু দেড় লাখ টাকা দিতে ব্যর্থ হওয়ায় সাজিয়ার ওপর নির্যাতন নেমে আসে।
সাজিয়ার ভাই হাসান মোল্লা প্রথম আলোকে বলেন, মামলার প্রায় ১১ বছর চলে গেছে। আসামিপক্ষ নানা ছলচাতুরী করে সময়ক্ষেপণ করেছে। এ মামলার মোট সাক্ষী ১৭ জন। এর মধ্যে ১৪ জন সাধারণ, একজন সেবিকা, একজন চিকিৎসক ও মামলার তদন্ত কর্মকর্তা। সাধারণ ১৪ জন সাক্ষী, চিকিৎসক ও সেবিকার সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। ১৫ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ূন কবিরের জবানবন্দি রেকর্ড করা হয়। বুধবার হুমায়ূন কবিরকে জেরা করার কথা ছিল। এ জন্য তিনি আদালতে হাজিরও ছিলেন।
সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) মো. সহিদুজ্জামান বলেন, বুধবার আদালতে মামলার শুনানি শুরু হওয়ার পর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নাজির আহমেদ আদালতে জানান, মামলার ১৭ জন সাক্ষীর জবানবন্দি ও জেরার নথি পাওয়া যাচ্ছে না। এ কথা বলে তিনি মামলার পরবর্তী তারিখ ধার্য করেন আগামী ১৭ মে।
হুমায়ূন কবির বলেন, ‘আমি বুধবার সাক্ষ্য দিতে যাই। কিন্তু আমার সাক্ষ্য নেওয়া হয়নি। নতুন একটি তারিখ দিয়েছেন আদালত।’
এপিপি মো. সহিদুজ্জামান বলেন, ‘আদালত থেকে নথি গায়েব হয়ে যাওয়ার কথা আমি এর আগে শুনিনি।’ তিনি বলেন, নথি খুঁজে না পেলে এ মামলার বিচারকাজ ব্যাহত হবে। কারণ, সাক্ষীদের নতুন করে সাক্ষ্য নেওয়ার সুযোগ নেই। কয়েকজন সাক্ষী ইতিমধ্যে মারা গেছেন। তিনি অভিযোগ করেন, আদালতের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের কারসাজিতে এ ঘটনা ঘটেছে বলে ধারণা করা যায়। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জেলা ও দায়রা জজকে বিষয়টি জানানো হয়েছে।
আসামিপক্ষের আইনজীবী গোলাম মেহেদী খান বলেন, ‘আমি ৩৫ বছর ধরে আইনজীবী হিসেবে কাজ করছি। আমি কখনো শুনিনি, আদালতের নথি হারিয়ে যায়। এটি অভূতপূর্ব ঘটনা। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং এ ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’