গোপালগঞ্জে গুলি করে ২৭ লাখ টাকা ছিনতাই
গোপালগঞ্জে গুলি করে গ্রামীণফোনের দুই কর্মচারীর কাছ থেকে ২৭ লাখ ৬০ হাজার টাকা ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। শহরের কালীবাড়ি মোড় এলাকায় আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
দুর্বৃত্তদের গুলিতে আহত গ্রামীণফোনের অফিস সহকারী ফেরদৌস কাজীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লাঠির আঘাতে আহত কর্মচারী কোরবান আলী কাজীকে গোপালগঞ্জ ২৫০ শয্যার আধুনিক জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
প্রত্যক্ষদর্শী ও গ্রামীণফোন ডিস্ট্রিবিউশন হাউস সূত্রে জানা গেছে, বিভিন্ন সেন্টার থেকে সংগৃহীত টাকা একটি ব্যাগে নিয়ে ফেরদৌস ও কোরবান আলী রিকশায় করে থিয়েটার রোডের পূবালী ব্যাংকে জমা দিতে যাচ্ছিলেন। তাঁরা কালীবাড়ি মোড়ে পৌঁছালে দুটি মোটরসাইকেলে করে পাঁচজন ছিনতাইকারী তাঁদের রিকশার গতিরোধ করে। ছিনতাইকারীরা কোরবানকে লাঠি দিয়ে আঘাত করে রিকশা থেকে ফেলে দেয়। পরে ফেরদৌসকে গুলি করে টাকাভর্তি ব্যাগ নিয়ে দ্রুত পালিয়ে যায়। পরে তাঁদের হাসপাতালে পাঠানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গ্রামীণফোনের গোপালগঞ্জ জেলার ডিস্ট্রিবিউটার কাজী জিন্নাত আলী জানান, বিভিন্ন সেন্টার থেকে টাকা সংগ্রহ করে ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, ছিনতাইয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ছিনতাইকৃত টাকা উদ্ধার ও ছিনতাইকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান শুরু করা হয়েছে।