গোপালগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ
গোপালগঞ্জের কাশিয়ানীতে এক অন্তঃসত্ত্বা গৃহবধূকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার উপজেলার সাজাইল ইউনিয়নের মাজরা গ্রামে ওই ঘটনা ঘটে।
এ ব্যাপারে শুক্রবার রাতেই কাশিয়ানী থানায় শারমিনের বাবা শাহজাহান হোসেন বাদী হয়ে মামলা করেন। এতে শারমিনের স্বামী সজিবুজ্জামান ওরফে জনি, শ্বশুর সরাফত হোসেন ও শাশুড়ি পারুল বেগমকে আসামি করা হয়েছে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বছরের ৮ আগস্ট কাশিয়ানী সদর ইউনিয়নের পোনা গ্রামের শারমিনের সঙ্গে সাজাইল ইউনিয়নের মাজরা গ্রামের সজিবুজ্জামানের বিয়ে হয়। সজিবুজ্জামান নৌবাহিনীর সিপাই হিসেবে ঢাকায় কর্মরত আছেন।
কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, শুক্রবার দুপুরে সজিবুজ্জামান নামে এক ব্যক্তি ওই গৃহবধূকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কিন্তু সেখানে আনার আগেই গৃহবধূর মৃত্যু হয়েছে বলে জানান তিনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, লাশ গোসল করানোর সময় শারমিনের গলায় দাগ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সজিবুজ্জামান ও তাঁর পরিবারের লোকজন পালিয়ে যান। পুলিশ সজিবুজ্জামানের মা পারুল বেগমকে গ্রেপ্তার করে।
কাশিয়ানী থানার ওসি মনির হোসেন বলেন, ‘সজিবুজ্জামান নৌবাহিনীর সদর দপ্তরে কর্মরত বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে তাঁর ব্যাজ নম্বর নিশ্চিত হওয়ার পর বিষয়টি সদর দপ্তরকে জানানো হবে।’