গোপালগঞ্জে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী লাপাত্তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার কুমার নদ থেকে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার দুপুর দেড়টার দিকে দিকনগর গ্রামে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। 

লাশ উদ্ধারের পর তাঁর স্বামী আত্মগোপন করেছেন।
নিহত গৃহবধূর নাম শান্তি বেগম (৩২)। তাঁর স্বামীর নাম আশরাফ মৃধা। শান্তির শ্বশুর বাড়ি ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের পূর্ব সদরদী গ্রামে।
শান্তির পরিবার সূত্রে জানা যায়, গত রোববার মুকসুদপুরের সর্দি গ্রামে মেজ বোনের বাড়ি থেকে ফেরার সময় শান্তি নিখোঁজ হন। আজ দুপুরে দিকনগর গ্রামের কয়েক জন লোক কুমার নদে লাশ ভাসতে দেখে সেনদিয়াঘাট পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেয়। পুলিশ নদ থেকে শান্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সেনদিয়াঘাট পুলিশ তদন্তকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. সালাম মিয়া বলেন, লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, শান্তিকে চার-পাঁচ দিন আগে হত্যা করা হয়। লাশের পেট ফাড়া ছিল। এ ঘটনায় একটি মামলা করার প্রস্তুতি চলছে। স্বামী আশরাফকে আটকের চেষ্টা চলছে।