গোপালগঞ্জে গৃহবধূসহ দুজনকে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের সদর উপজেলায় গত বুধবার শ্বশুরবাড়ির লোকজন এক গৃহবধূকে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার টুঙ্গিপাড়ায় ভ্যানচালককে নির্যাতন করে খুন করা হয়।
নিহত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় ইউনিয়নের বেতভিটা গ্রামের গৃহবধূ মাধুরী বৈদ্য (১৯) ও টুঙ্গিপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেড়াইলকুপা এলাকার রিকশা-ভ্যানচালক আনিচ কাজী (৩০)।
নিহত মাধুরী বৈদ্যের পারিবারিক সূত্রে জানা গেছে, নয় মাস আগে বেতভিটা গ্রামের রাজমিস্ত্রি পবিত্রের সঙ্গে বাগেরহাট জেলার পাপিলাখালী গ্রামের মাধুরীর বিয়ে হয়। কিন্তু পবিত্রের সঙ্গে তাঁর বড় ভাইয়ের স্ত্রীর পরকীয়া ছিল বলে অভিযোগ করেন তাঁরা। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কলহ লেগেই থাকত।
নিহত মাধুরীর খালু রণজিৎ বৈরাগী বলেন, গত বুধবার সকালে পবিত্র জানান মাধুরী বিষ পান করেছেন। খবর শুনে সবাই গোপালগঞ্জ আধুনিক জেনারেল হাসপাতালে যান। সেখানে যাওয়ার পরপরই পবিত্রসহ তাঁদের বাড়ির লোকজন পালিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান মাধুরী।
গোপালগঞ্জ সদর থানার এসআই মনিরুল ইসলাম বলেন, এ ঘটনায় মাধুরীর বাবা গৌরাঙ্গ বৈরাগী থানায় একটি মামলা করেছেন। মাধুরীর ঠোঁটের নিচে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
টুঙ্গিপাড়া থানার ওসি মাহামুদুল হক জানান, তিন দিন আগে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কেড়াইলকুপা এলাকার আনিচ কাজী তাঁর নিজের ভ্যানটি ২০ হাজার টাকায় টুঙ্গিপাড়ার রফিকুল ইসলাম নামের এক ব্যক্তির কাছে বিক্রি করেন। ক্রেতা ১৬ হাজার টাকা পরিশোধ করেন এবং চার হাজার টাকা বকেয়া রাখেন। এই বাকি টাকা না দেওয়ার জন্য তিনি নানা টালবাহানা করছিলেন।
বুধবার রাতে আনিচকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান রফিকুল। ফিরতে দেরি হওয়ায় স্বজনেরা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন। বুধবার রাত ১১টার দিকে টুঙ্গিপাড়া সদরে বঙ্গবন্ধুর সমাধির কাছের একটি বাড়ির উত্তর পাশের ফাঁকা জায়গা থেকে হাত-পা বাঁধা ও মুখে বিষ ঢালা অবস্থায় আনিচকে উদ্ধার করা হয়। গতকাল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও বলেন, এ ঘটনায় রফিকুলের বড় ভাই সাহিদুল ইসলামকে (৪০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।