গোপালগঞ্জে চার পুলিশকে আহত করে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে চার পুলিশকে আহত করে এক আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।
গত সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার মিজানকান্দি ইউনিয়নের ফলসী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ, এলাকাবাসী ও কয়েকজন প্রত্যক্ষদর্শী বলেন, সোমবার সন্ধ্যায় রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আক্তারুজ্জমানের নেতৃত্বে ছয় পুলিশ সদস্য ফলসী বাজারসংলগ্ন মাঠ থেকে ইয়াবাসহ গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ফলসী গ্রামের আরিফ মোল্লাকে (২৫) আটক করেন।
পুলিশ আরিফ মোল্লাকে একটি মোটরসাইকেলে তুলে তদন্ত কেন্দ্রে নিয়ে আসার চেষ্টা করে। এলাকার ৩০-৪০ জন ব্যক্তি লাঠি, সড়কিসহ বিভিন্ন দেশি অস্ত্র নিয়ে পুলিশের গাড়ি ঘেরাও করে।
এ সময় হামলাকারীরা পুলিশের কাছ থেকে মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেয়। পুলিশ আরিফকে নিয়ে ওই বাজারের লিটু মোল্লার ওষুধের দোকানে আশ্রয় নেয়।
পরে হামলাকারীরা ওই দোকানে হামলা চালিয়ে চার পুলিশকে পিটিয়ে ও ইট ছুড়ে আহত করে আরিফকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়।
আহত পুলিশের দুই কনস্টেবল রাহিদুল ও আনিসকে কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত এসআই আকতারুজ্জামান গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ও এএসআই শহিদুল কাশিয়ানী স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
পরে গোপালগঞ্জ ও কাশিয়ানী থানার পুলিশ ও গোয়েন্দা পুলিশের একটি দল কয়েক দফা ফলসী গ্রামে অভিযান চালিয়েও আরিফকে গ্রেপ্তার করতে পারেনি।
গতকাল মঙ্গলবার সকালে ফলসী গ্রামের ফুল মিয়া মোল্লা নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় এসআই আক্তারুজ্জামান বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে।