গোপালগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জের ধরে গোপালগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে জেলা সভাপতিসহ উভয় পক্ষের ১২ জন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়। পরে তা শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে।
আহত জেলা ছাত্রলীগের সভাপতি আবদুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক বি এম ফয়সাল আহমেদ, কাবিল ও মাসুদকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, জেলা ছাত্রলীগের দুই পক্ষ গতকাল শহরে পৃথক মিছিল বের করে। দুপুর ১২টার দিকে প্রেসক্লাবের সামনে মিছিল দুটি মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। খবর পেয়ে পুলিশ এসে বেশ কয়েকটি গুলি ছুড়ে দুই পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়। এরপর শহরের পোস্ট অফিস মোড়, সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বরসহ বিভিন্ন এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছে। গত ২২ সেপ্টেম্বর গোপালগঞ্জ সদর উপজেলা, শহর ও কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরবর্তী সময়ে দুই পক্ষের দ্বন্দ্ব চরমে ওঠে। এক পক্ষের নেতৃত্ব দিচ্ছেন আবদুল হামিদ, অন্য পক্ষের নেতৃত্বে আছেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য জাহিদ মুন্সী। দু্ই পক্ষই কিছুদিন ধরে শহরে পাল্টাপাল্টি মিছিল, সমাবেশ ও মহড়া দিয়ে আসছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, এখন পরিস্থিতি শান্ত। পুলিশ টহলে আছে।