গোপালগঞ্জে ছাত্রীকে অ্যাসিড মারার ঘটনায় দুজন গ্রেপ্তার
গোপালগঞ্জে কলেজছাত্রীর ওপর অ্যাসিড মারার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে একজনকে সাত দিন রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। এ ঘটনায় অ্যাসিড আইনে মামলা করেছেন ওই ছাত্রীর বাবা।
আজ রোববার সকালে গোপালগঞ্জের পাটকেলবাড়ী বাজার থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে অসীম রায় নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গতকাল শনিবার এ ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি রথীনের মা সাবিত্রীকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও বৌলতলী তদন্ত ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) আবু নাঈম বলেন, রথীনের মা সাবিত্রীকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। অপর আসামি অসীমকে জেলা মুখ্য বিচারিক আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা প্রথম আলোকে বলেন, এ ঘটনায় ওই কলেজছাত্রীর বাবা মামলা করেছেন। মামলায় রথীন ঘোষ, তাঁর বাবা সুধাংশু ঘোষ ও মা সাবিত্রী ঘোষের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও তিন-চারজনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে বলা হয়, রথীন গত দুই বছর ধরে ওই তরুণীকে উত্ত্যক্ত করে আসছিলেন। রথীন, তাঁর বাবা-মা এবং অজ্ঞাত তিন-চারজনের সহায়তায় প্রেমের ও বিয়ের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে হয়রানি করতেন তাঁরা। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিসও হয়। এরপরও রথীন ওই ছাত্রীর বাড়িতে এসে এবং কলেজে যাওয়ার পথে ওই তরুণীকে হুমকি দিয়ে আসছিলেন। এরই ধারাবাহিকতায় গত শুক্রবার দিবাগত রাতে এ অ্যাসিড মারার ঘটনা ঘটে।
এসিডদগ্ধ ওই তরুণী বর্তমানে ঢাকার একটি হাসপাতালে ভর্তি আছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শরীরে কতটা ক্ষত হয়েছে, পাঁচ দিন না যাওয়া পর্যন্ত বোঝা যাবে না।
উল্লেখ্য, গত শুক্রবার রাত পৌনে তিনটার দিকে নিজ বাড়িতে অ্যাসিড হামলা শিকার হন ওই কলেজছাত্রী। এতে ওই তরুণীর মুখমণ্ডল, গলা ও বাম হাত দগ্ধ হয়।