গোপালগঞ্জে জমি নিয়ে বিরোধে কৃষক খুন
গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামে জমিজমা-সংক্রান্ত বিরোধের জের ধরে মানিক শেখ (২৫) নামের এক কৃষক খুন হয়েছেন। এ সময় তাঁর বড় ভাই লেবু শেখও (৩২) প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন।
গতকাল সোমবার সকাল ১০টার দিকে নিজড়া দক্ষিণপাড়ায় সম্পর্কে চাচাতো ভাইদের মধ্যে কথা-কাটাকাটির এক পর্যায়ে এ ঘটনা ঘটে।
ওই গ্রামের নবনির্বাচিত ইউপি সদস্য আ. রউফ শেখ জানান, নিজড়া গ্রামের বকুল শেখ ও তাঁর চাচাতো ভাই হিরু শেখের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছে। এরই জের ধরে গতকাল সকালে বিবদমান জমির ধান কাটা নিয়ে এক সালিস বৈঠক হয়। এর এক পর্যায়ে উভয় গ্রুপের মধ্যে কথা-কাটাকাটি হলে বকুল শেখ, তাঁর ছেলে মামুন শেখসহ আরও কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে হিরু শেখের ছেলে মানিক শেখ ও লেবু শেখকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করেন। তাঁদের নিয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এলে কর্তব্যরত চিকিৎসক মানিক শেখকে মৃত ঘোষণা করেন।