গোপালগঞ্জে তিন টন পলিথিন জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের মুকসুদপুরে তিন টন পলিথিনসহ রাসেল শেখ (২২) নামের এক পলিথিন ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের একটি দল। পরে ভ্রাম্যমাণ আদালত ওই ব্যবসায়ীকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের অধিনায়ক সুমন রঞ্জন সরকার জানান, সোমবার রাত নয়টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বুড়িরহাট বাজারের পলিথিন ব্যবসায়ী রাসেল শেখের মালিকানাধীন তিনটি দোকান ও তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তিন টন নিষিদ্ধ পলিথিনসহ রাসেলকে আটক করা হয়। নির্বাহী হাকিম ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুজ্জামান ঘটনাস্থলে আদালত বসিয়ে রাসেল শেখকে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং জব্দ করা পলিথিন পুড়িয়ে ফেলার আদেশ দেন। পরে বুড়িরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এসব পলিথিন পুড়িয়ে ফেলা হয়।
ইউএনও মো. খায়রুজ্জামান জানান, পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী পলিথিন ব্যবসায়ীকে জরিমানা ও জব্দ করা পলিথিন নষ্ট করা হয়।