গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন আওয়াল মাতুব্বর (৪৫) নামের এক ব্যক্তি। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোহালা ইউনিয়নের গঙ্গারামপুরে এ ঘটনা ঘটে।
নিহত আওয়াল মাতুব্বর গোহালা ইউনিয়নের দক্ষিণ গঙ্গারামপুর গ্রামের উকিল মাতুব্বরের ছেলে।
পরিস্থিতি সামাল দিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাঁদানে গ্যাসের সেল ও গুলি ছোড়ে। আহত ব্যক্তিদের রাজৈর ও মুকসুদপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোহালা ইউনিয়নের গঙ্গারামপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য নজরুল মাতুব্বরের সঙ্গে প্রতিপক্ষ পরাজিত ইউপি সদস্য সালাউদ্দিন আহমেদ ওরফে মান্দারের মধ্যে বিরোধ চলে আসছিল।
ঘটনার জের ধরে আজ সকালে গঙ্গারামপুর স্লুইসগেট এলাকায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় নজরুল মাতুব্বরের সমর্থক আওয়াল মাতুব্বর (৪৫) ঘটনাস্থলে নিহত হন। সংঘর্ষ চলাকালে দুই পক্ষের কিছু বাড়িঘর ভাঙচুর করা হয় এবং অন্তত ১০ জন আহত হন।
খবর পেয়ে জলিলপাড় নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে এসে প্রথমে লাঠিপেটা ও পরে কাঁদানে গ্যাসের সেল এবং সর্বশেষ গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে জলিলপাড় নৌ পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক জামাল উদ্দিন বলেন, এ ঘটনায় বিকেল পর্যন্ত কোনো পক্ষই থানায় কোনো অভিযোগ করেনি।