গোপালগঞ্জে দুটি সংঘর্ষে নারীসহ ৩০ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জ সদর ও মুকসুদপুরে জমিজমাসংক্রান্ত বিরোধ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৃথক দুটি সংঘর্ষে নারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

গতকাল রোববার সকালে সদর উপজেলার দিঘারকুল ও মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ।

থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপালগঞ্জ সদর উপজেলার দিঘারকুল গ্রামের মহারাজ মোল্লা ও তাঁর চাচাতো ভাই মোশারফ মোল্লার মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রোববার উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। মারাত্মক আহত ৭ জনকে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।

অন্যদিকে মুকসুদপুর উপজেলার গোপালপুর গ্রামে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবুল হোসেন মুনশি ও শহর আলী কাজীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল রোববার সকালে উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। এতে অন্তত ১০ জন আহত হয়।

মারাত্মক আহত তিনজনকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে এবং পরে তাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মুকসুদপুর থানার ওসি আজিজুর রহমান বলেন, ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে।