গোপালগঞ্জে ধর্ষণের শিকার কিশোরীর আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ধর্ষণের শিকার এক কিশোরী (১৬) আত্মহত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ এ মামলার প্রধান আসামি পলাশ সরকারকে (৪০) গ্রেপ্তার করেছে। ওই কিশোরীর নাম সীমা সরকার। সে উপজেলার সাদ্দুল্লাপুর ইউনিয়নের বাসিন্দা ছিল।

ওই কিশোরীর পরিবারের সদস্যরা অভিযোগ করেন, ১৫ সেপ্টেম্বর পলাশ সরকার সীমাকে ধর্ষণ করেন। পরে স্থানীয় লোকজন পলাশকে হাতেনাতে আটক করেন। পরদিন রাতে বিষয়টি নিয়ে পারিবারিকভাবে সালিস হয়। এতে গ্রাম্য সালিসকারীরা পলাশকে ভর্ৎসনা ও মেয়েটিকে অন্যত্র বিয়ে দেওয়া বাবদ জরিমানা করেন। তবে পলাশের বড় ভাই জরিমানা দিতে অস্বীকৃতি জানান। এরপর গত শনিবার দুপুরে পলাশ সীমাকে ঘরে একা পেয়ে আবার ধর্ষণ করেন। স্থানীয় লোকজন তাঁকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনার পর ওই কিশোরী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। বাড়ির লোকজন গুরুতর অসুস্থ অবস্থায় তাকে প্রথমে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আটটার দিকে সে মারা যায়।

এ ঘটনায় সীমার বাবা কোটালীপাড়া থানায় মামলা করেন। গতকাল রোববার ওই মামলায় পলাশ সরকারকে গ্রেপ্তার দেখিয়ে কোটালীপাড়া আমলি আদালতে হাজির করা হয়। পরে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার উপপরিদর্শক (এসআই) হাফিজুর রহমান বলেন, প্রাথমিক তদন্তের পর ধারণা করা হচ্ছে, ওই কিশোরী আত্মহত্যা করেছে। পলাশ তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেন। গোপালগঞ্জের সহকারী পুলিশ সুপার মো. আমীনুল ইসলাম বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।