গোপালগঞ্জে নিখিল হত্যা মামলায় এএসআই ও সোর্স কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় নিখিল তালুকদার হত্যা মামলায় পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) শামীম হাসান ও পুলিশের তথ্যদাতা (সোর্স) মো. রেজাউল গাজীকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

সোমবার দুপুর ১২টার দিকে কোটালীপাড়া থানা-পুলিশ ওই দুজনকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। শুনানি শেষে আদালতের বিচারক কাঞ্চন কুমার কুন্ডু তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রোববার রাত সাড়ে নয়টায় নিহত নিখিলের ছোট ভাই মন্টু তালুকদার বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি হত্যা মামলা করেন। এতে থানার এএসআই শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে আসামি করা হয়। এরপরই শামীম হাসান ও রেজাউলকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

মামলার এজাহার সূত্র জানা যায়, মঙ্গলবার বিকেলে কোটালীপাড়ার রামশীল বাজারের ব্রিজের কাছে নিখিল তালুকদারসহ চারজন তাস খেলছিলেন। এ সময় সোর্স মো. রেজাউল গাজী ও একজন ভ্যানচালককে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান এএসআই শামীম হাসান। তিনি আড়ালে দাঁড়িয়ে মুঠোফোনে তাস খেলার দৃশ্য ধারণ করেন। বিষয়টি টের পেয়ে তাস খেলতে থাকা চারজনই দৌড়ে পালানোর চেষ্টা করেন। এ সময় অন্য তিনজন পালিয়ে গেলেও নিখিল ধরা পড়েন। পরে তাঁকে মারপিটের পাশাপাশি হাঁটু দিয়ে পিঠে ও মেরুদণ্ডে আঘাত করেন শামীম। আহত অবস্থায় স্বজনেরা নিখিলকে প্রথমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাঁকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিখিল তালুকদার কোটালীপাড়া উপজেলার রামশীল গ্রামের নীলকান্ত তালুকদারের ছেলে।

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান প্রথম আলোকে বলেন, হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার দুপুরে এএসআই শামীম হাসান ও সোর্স মো. রেজাউলকে আদালতে তোলা হয়। পরে আদালতের নির্দেশে তাঁদের গোপালগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।