গোপালগঞ্জে পরোয়ানার দেড় মাসেও গ্রেপ্তার হননি 'প্রতারক' দম্পতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে সাউদার্ণ গণ উন্নয়ন সমিতি (এসজিএস) নামের একটি বেসরকারি উন্নয়ন সংস্থার দুই প্রধান কর্মকর্তা দম্পতির নামে প্রতারণা মামলায় আদালত দেড় মাস আগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। কিন্তু এখনো তাঁদের গ্রেপ্তার করা সম্ভব হয়নি। 

গোপালগঞ্জ সদর কোর্টের নির্বাহী হাকিম নুসরাত জাবীর গত ২৬ ফেব্রুয়ারি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। যাঁদের বিরুদ্ধে এই পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন গোপালগঞ্জ এসজিএসের নির্বাহী পরিচালক শেখ দেলোয়ার হোসেন এবং তাঁর স্ত্রী ওই প্রতিষ্ঠানের সদস্যসচিব নাজনীন বেগম।
গোপালগঞ্জ শহরের ব্যাংকপাড়ার হীরা বাড়ি রোডের বাসিন্দা শেখ ইসমাইল প্রতারণার অভিযোগে গত ২৬ ফেব্রুয়ারি মামলাটি দায়ের করেন। সহজ সরল বেকার তরুণদের চাকরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎ করার অভিযোগে এ প্রতারণামূলক মামলাটি দায়ের করা হয়।
মামলার এজাহারে শেখ ইসমাইলসহ তাঁর আরও চার বন্ধুর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে মোট সাত লাখ ২৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তিনি বলেন, এই টাকা ২০১২ সালের ৫ জানুয়ারি থেকে একই বছরের ৯ সেপ্টেম্বরের মধ্যে নগদ এবং ডিডির মাধ্যমে দেওয়া হয়েছে।
অপর প্রতারিত ব্যক্তিরা হলেন গোপালগঞ্জ সদরের মোহাম্মদ পাড়ার হেলাল উদ্দিন, কালিদাস বিশ্বাস, মো. সালাউদ্দিন ও হেমায়েতুর রহমান।
এই মামলার বাদী পক্ষের কৌঁসুলি আবুল কালাম আজাদ বলেন, মামলা দায়েরের দিনেই আদালত এসজিএস এর নির্বাহী পরিচালক ও সদস্য সচিবের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। কিন্তু এ আদেশের দেড় মাসের মধ্যেও তাঁদের গ্রেপ্তার করা যায়নি। তিনি বলেন, মামলার পরবর্তী তারিখ ২২ এপ্রিল।
অভিযোগ সম্পর্কে শেখ দেলোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমার ও আমার স্ত্রীর বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।’