গোপালগঞ্জে পাউবো কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে প্রকল্পের উন্নয়নমূলক কাজের বিল না পেয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ও রেস্টহাউসে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ ঠিকাদারেরা। শহরের পাচুরিয়া মহল্লায় পাউবোর কার্যালয়ে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিক্ষুব্ধ প্রায় ২০ জন ঠিকাদার প্রথমে পাউবোর কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। পরে তাঁরা (ঠিকাদার) পাউবোর কার্যালয়ের কলাপসিবল গেট ও কার্যালয়সংলগ্ন রেস্টহাউসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। এ সময় কার্যালয়ের কার্যক্রম বন্ধ হয়ে যায়।
বিক্ষুব্ধ ঠিকাদারেরা অভিযোগ করেন, ২০১৩-১৪ ও ২০১৪-১৫ অর্থবছরে পাউবোর আওতাধীন তাড়াইল-পাচুরিয়া প্রকল্পের বেড়িবাঁধ, খাল খনন ও জলকপাট (স্লুইসগেট) নির্মাণসহ ২০টি কাজের ৩৫ কোটি টাকার বিল বকেয়া রয়েছে। কাজ শেষ করেও বিল ছাড় না হওয়ায় তাঁরা চরম আর্থিক সংকটে পড়েছেন। এ ফলে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করতে হচ্ছে। পাউবোর কর্মকর্তাদের গাফিলতির কারণে তাঁরা সময়মতো কাজ করেও বিল পাচ্ছেন না বলে জানান।
ঠিকাদারেরা জানান, বেলা দুইটার দিকে পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. শাহাবুদ্দিন ও নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান ঠিকাদারদের সঙ্গে আলোচনায় বসেন। একপর্যায়ে নির্বাহী প্রকৌশলী চলতি জানুয়ারি মাসের মধ্যে বকেয়া বিল পরিশোধের আশ্বাস দিলে বিক্ষুব্ধ ঠিকাদারেরা কার্যালয়ের তালা খুলে দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী প্রকৌশলী মশিউর রহমান প্রথম আলোকে বলেন, ‘অমি তখন সাইটে ছিলাম। এসে দেখি ঠিকাদারেরা কার্যালয়ে তালা দিয়েছেন। যে প্রকল্পের কাজের বিল বকেয়া রয়েছে, সে প্রকল্পের মেয়াদ গত জুন মাসে শেষ হয়ে গেছে। আমরা মেয়াদ বাড়ানোর জন্য পানিসম্পদ মন্ত্রণালয়ে আবেদন জানিয়েছিলাম। কিন্তু মেয়াদ বাড়াতে বিলম্ব হওয়ায় বকেয়া বিলের এ সমস্যার সৃষ্টি হয়েছে।’
মশিউর রহমান আরও বলেন, ‘সম্প্রতি পানিসম্পদ মন্ত্রণালয় প্রকল্পের সময় বৃদ্ধি করেছে। আশা করি, চলতি মাসের মধ্যেই ঠিকাদারদের বকেয়া বিলের সমস্যার সমাধান হয়ে যাবে।’