গোপালগঞ্জে পুলিশের হাত থেকে দুই ব্যক্তির পলায়ন
গোপালগঞ্জে পুলিশের হাত থেকে পালিয়ে গেছে আটক দুই ব্যক্তি। গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মুকসুদপুর পৌরসভার চন্ডিবর্দী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকার কয়েকজন জানান, মঙ্গলবার রাত ১১টার দিকে পুলিশ দক্ষিণ চন্ডিবর্দী মহল্লার শাহাদাত মুন্সীর পরিত্যক্ত বাড়িতে অভিযান চালিয়ে চন্ডিবর্দী গ্রামের বাবুল শেখ (৩০), এলাহী মিয়া (২৫), শাহাদাত বিশ্বাস (৩৩) ও গোপালগঞ্জ সদরের হরিদাসপুর গ্রামের ইয়াছিন শেখকে (৩২) ইয়াবা সেবনকালে আটক করে। আটককালে তাদের দেহ তল্লাশি করার সময় বাবুল ও এলাহী পালিয়ে যান।
মুকসুদপুর থানার উপপরিদর্শক (এসআই) হিমেল রানা বলেন, আটক ব্যক্তিদের দেহ তল্লাশির সময় দুজন পালিয়ে যায়। বাকি দুজনের কাছ থেকে ১৮টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন, পালিয়ে যাওয়া বাবুল ও এলাহীকে গ্রেপ্তারের জন্য জোর তল্লাশি চালানো হচ্ছে।
এ ব্যাপারে মুকসুদপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।