গোপালগঞ্জে বিদেশি মুদ্রাসহ তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জে প্রায় ৫৬ লাখ টাকার সমমূল্যের বিদেশি মুদ্রাসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। কাশিয়ানী উপজেলার কালনা ফেরিঘাট থেকে গত বুধবার তাঁদের গ্রেপ্তার করা হয়।
ওই ব্যক্তিদের কাছ থেকে ৫৪ হাজার মার্কিন ডলার ও ২২ হাজার কানাডিয়ান ডলার উদ্ধার করা হয়। আটক ব্যক্তিরা হলেন রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দোপপড়া পদমদী গ্রামের জাহিদ মণ্ডল (২৫) ও মো. জহির মণ্ডল (২২) এবং রাজবাড়ী সদরের মো. সম্রাট মণ্ডল (২২)।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে ওই তিনজনের আচরণে সন্দেহ হয় পুলিশের। কালনা ঘাটে কর্মরত কনস্টেবল মো. ওহিদুল তাঁদের শরীর তল্লাশি করেন। তখন তাঁদের পায়ের মোজাসহ শরীরের বিভিন্ন জায়গায় আটকে রাখা ওই মুদ্রাগুলো উদ্ধার করা হয়। পরে তাঁদের আটক করে কাশিয়ানী থানায় আনা হয়।
আটকত ব্যক্তিরা প্রায়ই ভারত থেকে বিদেশি মুদ্রা পাচার করেন বলে পুলিশের কাছে স্বীকার করেছেন। এবারও তাঁরা বেনাপোল থেকে এ মুদ্রা সংগ্রহ করে ঢাকা যাচ্ছিলেন।
কাশিয়ানী থানার পুলিশ জানায়, অবৈধভাবে বিদেশি মুদ্রা রাখার ঘটনায় তাঁদের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গতকাল বৃহস্পতিবার ওই তিনজনকে জেলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।