গোপালগঞ্জে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার একটি ক্লিনিকে ভুল চিকিৎসায় এক প্রসূতির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত সোমবার সন্ধ্যায় ওই ক্লিনিকে ভাঙচুর করেছেন রোগীর স্বজনেরা।

ওই প্রসূতির নাম শম্পা বেগম (২২)। তিনি ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাড়াগ্রামের সৈয়দ বাবর আলীর স্ত্রী।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সোমবার সকালে শম্পাকে কাশিয়ানী উপজেলা সদরের নুরুদ্দিন মেমোরিয়াল ক্লিনিকে ভর্তি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মনোয়ার হোসেন ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা রায়হানুল ইসলাম তাঁর অস্ত্রোপচার করেন। শম্পার ছেলেসন্তান জন্ম নেয়। এর কিছুক্ষণ পরই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় উত্তেজিত হয়ে শম্পার স্বজনেরা ক্লিনিকের চেয়ার-টেবিল ও অন্যান্য জিনিসপত্র ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

শম্পার চাচা মো. নাসির শেখ বলেন, চিকিৎসক মনোয়ার ও রায়হানুলের ভুল চিকিৎসার কারণেই তাঁর ভাতিজির মৃত্যু হয়েছে।

অভিযোগের ব্যাপারে বক্তব্য জানতে চিকিৎসক মনোয়ারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তিনি ধরেননি। তবে আরেক চিকিৎসক রায়হানুল বলেন, তাঁদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। অস্ত্রোপচারের একপর্যায়ে শম্পা হৃদ্‌যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী নূর বলেন, অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।